সস্তায় ভ্রমণের দিন ক্রমেই ফুরিয়ে আসছে। বৈশ্বিক শ্লথ প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনা এ খাতে ভীষণ প্রভাব ফেলছে। কেউ কেউ বলতে শুরু করেছেন, বর্তমান সময়ের সবচেয়ে জরুরি ভ্রমণসামগ্রী হলো মোটা মানিব্যাগ। সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য ২৫০ ডলারের নতুন ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ চালুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে দর্শনার্থীদের খরচ বাড়াতে উদ্যোগী হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জানা গেছে, নতুন ইউরোপীয় ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম (ইটিআইএএস) বাবদ ফি ৭ ইউরো থেকে বাড়িয়ে প্রায় তিন গুণ অর্থাৎ ২০ ইউরো করা হয়েছে, যা প্রায় ২৩ ডলারের সমতুল্য। সেসব ইইউ-বহির্ভূত দেশের নাগরিকের ওপর এ ফি প্রযোজ্য হবে যারা এতদিন ভিসামুক্ত প্রবেশাধিকার ভোগ করে আসছিলেন। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষ নাগাদ চালু হবে বর্ধিত ইটিআইএএস ফি। দর্শনার্থীদের খরচ বৃদ্ধি প্রসঙ্গে ইউরোপীয় কমিশন জানিয়েছে, মূল্যস্ফীতি, অতিরিক্ত পরিচালন ব্যয় এবং অন্যান্য দেশের অনুমোদন প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে ফি বাড়ানো হয়েছে। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফি ২১ ডলার এবং যুক্তরাজ্যের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি এখন একই। সর্বশেষ গত এপ্রিল ইটিএ ফি ১০ পাউন্ড থেকে বাড়িয়ে ১৬ পাউন্ড বা প্রায় ২১ ডলার করেছে যুক্তরাজ্য। এ দুই ফির সঙ্গে সামঞ্জস্য রেখে দর্শনার্থীদের খরচ বাড়াচ্ছে ইইউ। এদিকে সাম্প্রতিক সময়ে একাধিক কারণে ইউরোপে যাওয়া পর্যটকরা আলোচনায় এসেছেন। মহাদেশটিতে সম্প্রতি কিছু বিষয় পর্যটকবিরোধী মনোভাব জাগিয়ে তুলছে। বিশেষ করে ইতালি ও স্পেনের মতো দেশের আলোচিত পর্যটন কেন্দ্রগুলোয় অতিরিক্ত ভিড় স্থানীয়দের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলেছে, যা কিনা বাড়ি ভাড়া থেকে পণ্যমূল্য ও যাতায়াতের পরিবহন পর্যন্ত বিস্তৃত। খবর সিএনএন