বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ অর্থায়ন কর্মসূচি নেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় রাকাবের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাকাবের জনসংযোগ কর্মকর্তা জানান, এ অর্থায়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাত ও প্রক্রিয়াজাতে সহায়তা করা। পাশাপাশি কৃষিভিত্তিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশ এবং কৃষিপণ্য রফতানি সম্প্রসারণেও এ অর্থায়ন ব্যবহার করা হবে।