অডির যেকোনো মডেলের ক্ষেত্রে মসৃণ গতি, পরিশীলিত কেবিন ও সিগনেচার লাইটিং খুবই সাধারণ বিষয়। এসব বৈশিষ্ট্য নিয়েই অডির অতিচর্চিত এ৬ মডেল এবার বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) যুগে প্রবেশ করল। মধ্য থেকে বড় সাইজের প্রিমিয়াম এ সেডান লাইনআপ ১৯৬৮ সালে প্রথম বাজারে আসে। এরপর কয়েক দশকে ৯৫ লাখের বেশি ইউনিট বিক্রি হয়েছে। সে সাফল্যের রেশ ধরে রাখতে অডি এ৬ ই-ট্রন লাইনআপের প্রথম ইভি মডেলটি চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ায় উন্মোচিত হয়েছে। মূলত প্রিমিয়াম বিদ্যুচ্চালিত বাহনের বাজারে অডির উপস্থিতি আরো শক্তিশালী করার উদ্যোগ এটি। সম্প্রতি টেস্ট ড্রাইভে একক মোটরচালিত একটি সংস্করণ প্রায় ১১০ কিলোমিটার পাড়ি দিয়েছে। যাতে যুক্ত রয়েছে উন্নত ড্রাইভার-সহায়ক সিস্টেম। নতুন এ মডেলে আগের মডেলের ধারাবাহিকতা বজায় রেখে ফিউচারিস্টিক ডিজাইনে সাজানো হয়েছে। এছাড়া প্রথমবারের মতো অডির প্রতীকী চারটি রিং গাড়ির পেছনে উজ্জ্বল লাল আলোয় জ্বলজ্বল করতে দেখা যাবে। ভেতরে ককপিট ঘিরে থাকা অ্যাম্বিয়েন্ট লাইট যাত্রীদের জন্য নিমগ্ন পরিবেশ তৈরি করবে বলে ধারণা কোম্পানির। অডির দীর্ঘদিনের পাওয়ারট্রেন ও স্টিয়ারিং অভিজ্ঞতার ফলে এ৬ ই-ট্রন প্রায় ভেসে চলার মতো অনুভূতি দিয়েছে বলে জানান টেস্ট ড্রাইভের যাত্রীরা। ৫ দশমিক ৪ সেকেন্ডে গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এতে ব্যবহার করা হয়েছে সিএটিএল ব্যাটারি। একবার চার্জে গাড়িটির অনুমোদিত রেঞ্জ ৪৬৮ কিলোমিটার, যদিও টেস্ট ড্রাইভে এর বেশি সক্ষমতার তথ্য পাওয়া গেছে। গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৯২৮ মিলিমিটার ও প্রস্থ ১ হাজার ৯২৩ মিলিমিটার হলেও এটি খুব বড় দেখায় না। নতুন মডেলে এ৬ সেডানের ডিজিটাল সাজসজ্জাকে আরো উন্নত করা হয়েছে। যাত্রীদের জন্য আলাদা ১০ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা চালকের ১৪ দশমিক ৫ ইঞ্চি সেন্ট্রাল ডিসপ্লে থেকে স্বাধীন। দক্ষিণ কোরিয়ায় অডি এ৬ ই-ট্রনের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ওন বা প্রায় ৬৮ হাজার ৩০০ ডলার। খবর ও ছবি কোরিয়া হেরাল্ড