নতুন তিন ইভিতে বিওয়াইডির চমক

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি।

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। তালিকায় রয়েছে দুটি প্রিমিয়াম এসইউভি ও একটি আধুনিক সেডান। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই সম্প্রতি কোনো রাখঢাক ছাড়াই ট্যাং ৯ মডেল জনসমক্ষে আনল ইভি জায়ান্টটি।

বিওয়াইডি গত মাসে আয়োজিত ‘ওশান ডে’ ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ ইভির প্রথম টিজার প্রকাশ করেছে। কোম্পানিটি নিশ্চিত করেছে, আসন্ন মডেলগুলো সিল ০৮ সেডান ও সিলিয়ন ০৮ এসইউভি নামে বাজারে আসবে।

বিওয়াইডির ওশান লাইনআপের মধ্যে মডেল দুটি হবে সবচেয়ে প্রিমিয়াম বা উচ্চমানের। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ফ্ল্যাগশিপ মডেলগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

অবশ্য নতুন গাড়িগুলোর দাম বা স্পেসিফিকেশন জানায়নি কোম্পানিটি। তবে প্রকাশিত ছবিগুলো দেখে অনেকে বলছে, নতুন এসইউভি মডেলটি দেখতে অনেকটাই জনপ্রিয় রেঞ্জ রোভার ধাঁচের। এর নকশা করা হয়েছে বিওয়াইডির প্রিমিয়াম সাবব্র্যান্ড ডেনজার আদলে।

বিওয়াইডি সিলিয়ন ০৭ আকারে অনেকটা টেসলা মডেল ওয়াইয়ের সমান। গাড়ির দৈর্ঘ্য ৪ হাজার ৮৩০ মিমি। কিন্তু নতুন আসা সিলিয়ন ০৮-এর চেয়েও বড় হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি দৈর্ঘ্যে পাঁচ হাজার মিমি ছাড়িয়ে যাবে। এর আকার ডেনজা এন৮এলের খুব কাছাকাছি হবে, যা মূলত একটি বড় ফ্যামিলি এসইউভি।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, বিওয়াইডির সিল ০৮ সেডান প্রচলিত সিল ০৬-এর তুলনায় বড় ও পরিমার্জিত। সিল ০৬-এর দৈর্ঘ্য ৪ হাজার ৭২০ মিমি। শুধু ওশান সিরিজই নয়, বিওয়াইডি অন্য সাব-ব্র্যান্ড ‘ডাইনেস্টি’-এর অধীনেও ট্যাং ৯ এসইউভি এবং হান ৯ সেডান আনার ঘোষণা দিয়েছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসের মধ্যেই এগুলো বাজারে আসবে।

এর মধ্যে ট্যাং ৯ মডেলের ছাদে বিশেষ সেন্সর রয়েছে। অর্থাৎ গাড়িটিতে উচ্চমানের স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি থাকতে পারে।

গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, লিডার সেন্সরের উপস্থিতি নিশ্চিত করে যে ট্যাং ৯-এ বিওয়াইডির সর্বশেষ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) থাকবে। ফলে গাড়িটি উচ্চ পর্যায়ের স্বয়ংক্রিয় নেভিগেশন ও নিরাপত্তা ফিচার সুবিধাসম্পন্ন। —খবর ও ছবি ইলেকট্রেক

আরও