যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি ১-এর অধীনে এসেছে এ চালান। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ এরই মধ্যে জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। এ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন গত ২৫ অক্টোবর, দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। সবশেষ চতুর্থ চালানে এসেছে ৬০ হাজার ৯৫০ টন গম। এ হিসেবে চারটি চালানে মোট ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ টন গম দেশে পৌঁছেছে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।