ঈদের ছুটি শেষে খুলেছে ৯৬% পোশাক কারখানা

ঈদুল আজহার ছুটি শেষে সচল হতে শুরু করেছে দেশের শিল্প-কারখানাগুলো।

ঈদুল আজহার ছুটি শেষে সচল হতে শুরু করেছে দেশের শিল্প-কারখানাগুলো। প্রথম কর্মদিবসে গতকাল খোলা ছিল ৯৬ শতাংশ পোশাক কারখানা। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, জিরানী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকা মহানগর এলাকায় বিজিএমইএর সদস্যভুক্ত কারখানার সংখ্যা ২ হাজার ৮৮। এর মধ্যে ১ হাজার ৯৯৮টি বা ৯৫ দশমিক ৬৮ শতাংশ কারখানা গতকাল খোলা ছিল। বাকি ৯০টি কারখানায় এখনো ঈদের ছুটি থাকায় উৎপাদন বন্ধ রয়েছে।

সূত্রের তথ্যানুযায়ী, গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলে মোট পোশাক কারখানার সংখ্যা ৮৪৭। এর মধ্যে গতকাল খোলা ছিল ৮১০টি বা ৯৬ শতাংশ কারখানা। ঈদের ছুটিতে বন্ধ রয়েছে ৩৭টি বা ৪ শতাংশ কারখানা। সাভার, আশুলিয়া ও জিরানী এলাকায় মোট পোশাক কারখানার সংখ্যা ৩৯৫। এর মধ্যে গতকাল খোলা ছিল ৩৬০টি বা ৯১ শতাংশ কারখানা। বাকি ৩৫টি বা ৯ শতাংশ কারখানা বন্ধ রয়েছে।

নারায়ণগঞ্জ অঞ্চলে মোট পোশাক কারখানার সংখ্যা ২০৪। এর মধ্যে গতকাল খোলা ছিল ২০০টি বা ৯৮ শতাংশ কারখানা। বাকি চারটি বা ২ শতাংশ কারখানায় ঈদের ছুটি থাকায় বন্ধ রয়েছে। ঢাকা মহানগর এলাকায় মোট পোশাক কারখানা রয়েছে ৩০৪টি। এর মধ্যে ২৯০টি বা ৯৫ শতাংশ কারখানা গতকাল খোলা ছিল। বাকি ১৪টি বা ৫ শতাংশ কারখানা ঈদের ছুটিতে বন্ধ রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে মোট ৩৩৮টি পোশাক কারখানার মধ্যে সবগুলোই গতকাল খোলা ছিল।

দেশের পোশাক খাতে সচল কারখানার সংখ্যা সর্বমোট ২ হাজার ৯২। এর মধ্যে ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৫০টি ও চট্টগ্রাম অঞ্চলে ৩৪২টি কারখানা রয়েছে। বিজিএমইএর তথ্যমতে, গত এপ্রিলের বেতন শতভাগ কারখানা পরিশোধ করেছে। মে মাসের বেতন পরিশোধ করেছে ৯৯ দশমিক ৬৭ শতাংশ কারখানা। এছাড়া ঈদের বোনাস দিয়েছে প্রায় শতভাগ কারখানা। শুধু দুটি কারখানা বোনাস পরিশোধ করেনি। এগুলোর মধ্যে একটি লে-অফ ঘোষণা করা হয়েছে, অপরটির মালিক দেশে নেই।

আরও