বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএসএমএর

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ)।

একই সঙ্গে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। বিএসএমএর সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সংগঠনটি বলছে, দেশের ইস্পাত শিল্পের বড় কারখানাগুলো ৩৩, ১৩২ ও ২৩০ কেভি এক্সট্রা হাইটেনশন (ইএইচটি) লাইনের সরাসরি গ্রাহক। ফলে ডিমান্ড চার্জ, ভ্যাট, পাওয়ার ফ্যাক্টর চার্জসহ বিভিন্ন অতিরিক্ত ব্যয় যোগ হয়ে বাস্তব বিদ্যুৎ খরচ এরই মধ্যে অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে।

বিএসএমএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কভিড-১৯-পরবর্তী সময় থেকে দেশের শিল্প খাত একটি দীর্ঘস্থায়ী কস্ট-ক্রাইসিসে পড়েছে। উচ্চ সুদহার, টাকার অবমূল্যায়ন, চলতি মূলধনের অভাব, গ্যাস ও বিদ্যুৎ ব্যয় বৃদ্ধি, নির্মাণ খাতের মন্দা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে অনেক প্রতিষ্ঠান এখন লোকসান গুনছে। গত কয়েক বছরে বিদ্যুতের ট্যারিফ প্রায় ৩৬ শতাংশ ও ডিমান্ড চার্জ ১২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

বিএসএমএর অভিযোগ, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমলেও বিদ্যুৎ ট্যারিফ কাঠামোতে তার প্রতিফলন না ঘটা একমুখী মূল্যনীতির ইঙ্গিত দেয়। এ পরিস্থিতিতে বিদ্যুতের নতুন মূল্যহার প্রত্যাহার না হলে শিল্প উৎপাদন কমবে, কর্মসংস্থান ও শিল্পের স্থিতিশীলতা ঝুঁকিতে পড়বে এবং সরকারের রাজস্ব আয়ও নেতিবাচকভাবে প্রভাবিত হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।

আরও