সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার।
৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালন পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৯৭ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর ৭০ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৪ দশমিক ৬৬ শতাংশ শেয়ার রয়েছে।