শুল্ক বৃদ্ধির কারণে ভারতকে বাদ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তান থেকে সাড়ে পাঁচ হাজার টন চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। গতকাল দুপুরে বাগেরহাটের মোংলা বন্দরের ৮ নং জেটিতে নোঙর করে চিটাগুড়বাহী পানামার জাহাজ এমটি ডলফিন-১৯। এ সময় বন্দর কর্তৃপক্ষ বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়।
গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা করে জাহাজটি। আমদানি করা চিটাগুড়ের কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে। বাকি অংশ সড়ক ও নৌপথে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে নেয়া হবে।
চিটগুড় আমদানিকারক প্রতিষ্ঠান পি অ্যান্ড পি ট্রেডিংয়ের মালিক আনোয়ারুল হক বলেন, ‘দেশের অধিকাংশ মিল বন্ধ হয়ে যাওয়ায় এতদিন ভারত থেকে চিটাগুড় আমদানি করা হতো। কিন্তু ভারত হঠাৎ করে চিটাগুড় রফতানিতে শুল্ক বৃদ্ধি করায় পাকিস্তান থেকে আমদানি করেছি। আশা করি পশুখাদ্য তৈরির কোম্পানিগুলোকে কম দামে চিটাগুড় সরবরাহ করতে পারব।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) এমডি শফিকুল ইসলাম সরকার জানান, নতুন নতুন পণ্য আমদানি-রফতানি হলে বন্দরের আয় ও ব্যস্ততা বৃদ্ধি পায়। তাই আমদানি ও রফতানিকারকদের বন্দরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।