কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে (ইডব্লিউইউ) আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে হুয়াওয়ে। এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অনলাইন প্লাটফর্মে বিনামূল্যে এআই প্রশিক্ষণ পাবেন। নিজেদের সুবিধামতো সময়ে কোর্স সম্পন্ন করার সুযোগও পাবেন তারা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। হুয়াওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মা বেন এবং ইডব্লিউইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সমাধান ও সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে তথ্যপ্রযুক্তি ও এআই খাতে বিশ্বমানের সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি ইডব্লিউইউতে আইসিটি একাডেমি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা এআই বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।’ এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন এবং এআই পেশায় প্রবেশের প্রস্তুতি নিতে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
হুয়াওয়ের পক্ষে মা বেন জানান, আধুনিক প্রযুক্তি ও এআই শেখার উপযুক্ত পরিবেশ ও সুযোগ তৈরির মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি। তিনি বলেন, ‘বাংলাদেশের উদ্ভাবননির্ভর অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ প্রবৃদ্ধি ধরে রাখতে প্রযুক্তি খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ জনবল প্রয়োজন।’
শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সেতুবন্ধ তৈরির মাধ্যমে তরুণদের ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চায় হুয়াওয়ে।
এমওইউ অনুযায়ী, আইসিটি একাডেমির আওতায় ইডব্লিউইউর অধ্যাপকরা কোর্সের মডিউল, শিক্ষার্থীদের নিবন্ধন এবং প্রশিক্ষণে তাদের অগ্রগতি তদারক ও পর্যবেক্ষণ করতে পারবেন। অন্যদিকে শিক্ষার্থীরা হুয়াওয়ের অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে বিনামূল্যে অংশ নিয়ে নিজেদের সুবিধামতো সময়ে কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে থাকছে বেসিক ম্যাথ, ওভারভিউ অব এআই, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআই প্রিন্সিপলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এআই টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশনস এবং এআই প্রসেসর ডেভেলপমেন্ট কোর্স। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা এআইয়ের মৌলিক ধারণা থেকে শুরু করে প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ ও প্রসেসর উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ পাবেন।