ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দামে গতকাল সীমিত ওঠানামা দেখা গেছে। বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের আরেক দফা উচ্চপর্যায়ের নীতি বৈঠকের দিকে নজর রাখছেন ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। খবর বিজনেস রেকর্ডার।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) গতকাল আকরিক লোহার দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে টনপ্রতি ৭৬৯ ইউয়ানে (১০৮ ডলার ৯১ সেন্ট) দাঁড়ায়। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন আকরিক লোহার দাম ছিল ১০২ ডলার ৪০ সেন্ট, যা আগের দিনের তুলনায় দশমিক ৩৪ শতাংশ কম।
জিনইউয়ান ফিউচারসের বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানোর পর বেইজিংয়ের নতুন প্রণোদনা ঘোষণার প্রত্যাশা আরো জোরালো হয়েছে। গত সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের পলিটব্যুরো ২০২৬ সালে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো ও আরো আগাম পদক্ষেপমূলক নীতির মাধ্যমে অর্থনীতিকে সহায়তা দেয়ার ওপর জোর দিয়েছে।
আগামী দিনের প্রধান আলোচনায় রয়েছে বার্ষিক সেন্ট্রাল ইকোনমিক ওয়ার্ক কনফারেন্স। কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাওয়া এ বৈঠকে আগামী বছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ও নীতিগত অগ্রাধিকার নির্ধারণ করবে বেইজিং। এটি নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার শক্ত ভিত্তি গঠনে সহায়ক হবে।