যুক্তরাষ্ট্রে নিয়োগের হার এক দশকে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রে চাকরির বাজার নিয়ে সে দেশের কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।

বেকারত্বের হার কম থাকা সত্ত্বেও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে কাজ পাওয়া নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত দেশটিতে নিয়োগের গতি কমে যাওয়া বা ‘হায়ারিং ড্রাউট’ এ পরিস্থিতির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। খবর এপি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক প্রভাবশালী বিশ্লেষণ ও পরামর্শক প্রতিষ্ঠান গ্যালপ পরিচালিত একটি সাম্প্রতিক প্রান্তিক জরিপে দেখা গেছে, মাত্র ২৮ শতাংশ আমেরিকান মনে করেন, এখন একটি মানসম্মত চাকরি পাওয়ার জন্য ভালো সময়। অন্যদিকে, ৭২ শতাংশ উত্তরদাতা বর্তমান সময়কে চাকরির জন্য খারাপ সময় হিসেবে উল্লেখ করেছেন। অথচ মাত্র কয়েক বছর আগে, অর্থাৎ ২০২২ সালের মাঝামাঝি সময়েও ৭০ শতাংশ মানুষ চাকরির বাজার নিয়ে আশাবাদী ছিলেন।

জরিপের এ ফলাফল থেকে বোঝা যায়, আমেরিকানদের মধ্যে হতাশা খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের শেষভাগেও প্রায় অর্ধেক কর্মী চাকরির বাজার নিয়ে ইতিবাচক ছিলেন। জরিপটি ২০২৫ সালের শেষ তিন মাসে পরিচালিত হয়, যা ইরান যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ার বেশ আগের চিত্র। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় অর্থনীতি আরো মন্থর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষ করে উচ্চশিক্ষিত বা কলেজ গ্র্যাজুয়েটদের মধ্যে এ হতাশা সবচেয়ে বেশি। তথ্যপ্রযুক্তি, গ্রাহকসেবা ও বিজ্ঞাপনের মতো হোয়াইট কলার পেশাগুলোতে দুই বছর ধরে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে চলছে। জরিপ অনুযায়ী, ডিগ্রিধারী কর্মীদের মাত্র ১৯ শতাংশ বর্তমান বাজার নিয়ে আশাবাদী, যেখানে ডিগ্রিহীন কর্মীদের ক্ষেত্রে এ হার ৩৫ শতাংশ। গ্যালপের তথ্যমতে, ২০০১ সালের পর শিক্ষিত ও সাধারণ কর্মীদের মধ্যে দৃষ্টিভঙ্গির এমন বড় পার্থক্য আর দেখা যায়নি।

তরুণ প্রজন্মের মধ্যেও অসন্তোষের চিত্র স্পষ্ট। ১৮ থেকে ৩৪ বছর বয়সী কর্মীদের মাত্র ২০ শতাংশ মনে করেন, এখন চাকরি পাওয়ার উপযুক্ত সময়। অর্থনীতিবিদরা বর্তমান পরিস্থিতিকে ‘লো-হায়ার, লো-ফায়ার’ বা ‘কম নিয়োগ ও কম ছাঁটাইয়ের বাজার’ হিসেবে অভিহিত করছেন। এর ফলে পুরনো কর্মীরা তাদের অবস্থানে টিকে থাকলেও নতুনদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে নিয়োগের হার ৩ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যা ২০১৩ সালের পর সর্বনিম্ন। বর্তমানে দেশটিতে বেকার মানুষের সংখ্যা ৭৪ লাখে দাঁড়িয়েছে। অথচ চাকরির সুযোগ রয়েছে মাত্র ৬৯ লাখ। সরকারি তথ্যের তুলনায় বাস্তব পরিস্থিতি যে অনেক বেশি কঠিন, এ জরিপ তারই প্রতিফলন ঘটাচ্ছে। সব মিলিয়ে মার্কিন কর্মীরা বর্তমানে ভবিষ্যৎ নিয়ে দেড় দশকের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন।

আরও