বীমা খাতের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহ শেষে শেয়ারদর ৩০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬২ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৪৭ টাকা ৯০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।
২০২০ সালের পর দুই বছরের লভ্যাংশ ঘোষণা না করা এবং এজিএম করতে ব্যর্থ হওয়ায় ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কোম্পানিটিকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করেছে বিএসইসি। প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সর্বশেষ ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর থেকে ডিএসইতে কোম্পানিটির বার্ষিক ও প্রান্তিক আর্থিক ফলাফলের কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি কোম্পানিটি উচ্চ আদালতের কাছ থেকে ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২০২১, ২০২২ ও ২০২৩ হিসাব বছরের আর্থিক বিবরণী নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে।
২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ১৬৬। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।