শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ড ও ভোক্তা ব্যয় বাড়ায় সিঙ্গাপুরে কর আদায় রেকর্ড পর্যায়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটির কর কর্তৃপক্ষ ৯৭ দশমিক ৩ বিলিয়ন সিঙ্গাপুর ডলার কর আদায় করেছে। আগের অর্থবছরের তুলনায় এ আয় ৯ দশমিক ৪ শতাংশ বেশি। খবর দ্য স্ট্রেইটস টাইমস।
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ রাজস্ব কর্তৃপক্ষের (আইআরএএস) ২০০২ সাল থেকে সংরক্ষিত তথ্যানুযায়ী, এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ কর আদায়। এবারের মোট কর আদায় সরকারের পরিচালন রাজস্বের ৭৪ দশমিক ৮ ও জিডিপির ১২ দশমিক ৩ শতাংশের সমান।
আইআরএএসের তথ্যানুযায়ী, কর আদায়ের সবচেয়ে বড় উৎস করপোরেট আয়কর। ২০২৫-২৬ অর্থবছরে এ খাত থেকে ৩৪ দশমিক ৪ বিলিয়ন সিঙ্গাপুর ডলার আদায় হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার। মোট কর আদায়ের ৩৫ দশমিক ৪ শতাংশ এসেছে করপোরেট আয়কর থেকে।
কর আদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎস পণ্য ও পরিষেবা কর বা জিএসটি। এ খাত থেকে আয় হয়েছে ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার। আগের অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ২০ বিলিয়ন ডলার। মূলত ভোক্তাদের ব্যয় বাড়ায় জিএসটি আদায় বেড়েছে।
এছাড়া সম্পত্তি কর থেকে ৬ দশমিক ৯ বিলিয়ন ডলার ও স্ট্যাম্প ডিউটি থেকে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেছে দেশটির সরকার।