ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক সার্ভিস (অনলাইন সিস্টেম) কাজ না করায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পণ্য আমদানি-রফতানি বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাংলাদেশের অনেক শিল্প-কারখানায় কাঁচামালের সংকট দেখা দিতে পারে। অন্যদিকে রফতানি পণ্যও যথাসময়ে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গত সোমবার (২৮ এপ্রিল) এ পরিস্থিতি চলছে। এতে পেট্রাপোল বন্দরে পণ্যজট দেখা দিয়েছে। এরই মধ্যে বেনাপোল স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে পণ্যবোঝাই দেড় হাজার ট্রাক।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পেট্রাপোল বন্দরের কাস্টমস ও বন্দরের অনলাইন সিস্টেমের লিংক সার্ভিস টাটা কোম্পানি দিয়ে থাকে। গত ২৮ এপ্রিল দুপুরে ঝড়ের পর লিংকে সমস্যা দেখা দেয়। টাটার কলকাতা অফিস সমস্যার সমাধান করতে পারেনি। এখন দিল্লির ডিজি সিস্টেম মনিটর করছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে কিছু পণ্য ছাড় করছে।’
বেনাপোল চেকপোস্ট কার্গো সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আমদানি হয়েছে ২ হাজার ৯৯০ ট্রাক পণ্য। অন্যদিকে রফতানি হয়েছে ১ হাজার ৬১২ ট্রাক পণ্য। নয়দিনে গড়ে ৩৩০ ট্রাক পণ্য বেনাপোল বন্দরে এসেছে। লিঙ্ক সমস্যায় ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চারদিনে (দুদিন ছুটি) মাত্র ২৩২ ট্রাক পণ্য এসেছে। আর রফতানি হয়েছে ৭৫১ ট্রাক পণ্য। আমদানি হয়েছে গড়ে ৫৮ ট্রাক পণ্য।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের বলেন, ‘পেট্রাপোল বন্দরে ইন্টারনেট লিংক না থাকায় তারা অনলাইন সিস্টেমে কাজ করতে পারছেন না। বিকল্প হিসেবে ট্যাবে ওয়াই-ফাই কানেকশন দিয়ে নামমাত্র কার্যক্রম চালু রেখেছে পেট্রাপোল কাস্টমস। আগে প্রতিদিন তিন শতাধিক ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসত, এখন তা ৫০-এ নেমে এসেছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গত শনিবার ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে এসেছে ১৫০টি ট্রাক। অন্যদিকে রফতানি পণ্য নিয়ে ২১৩টি ট্রাক ভারত গেছে। গত রোববার এসেছে ৩৪ ট্রাক পণ্য আর ভারত গেছে ১১১ ট্রাক পণ্য। গত সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৪০ ট্রাক পণ্য এসেছে। অথচ স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে সাড়ে ৩০০ থেকে ৫০০ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর রফতানি পণ্য নিয়ে প্রতিদিন ২০০-২৫০ ট্রাক ভারতে যায়।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘অনলাইন সিস্টেমে বন্দর ও কাস্টমসের সব কাজকর্ম পরিচালিত হয়। এক সপ্তাহ ধরে পেট্রাপোলের লিংক সিস্টেমটি অকার্যকর রয়েছে। এতে আমদানি-রফতানি কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। অতি জরুরি ও পচনশীল পণ্য চালান কেবল বিশেষ ব্যবস্থায় চালু রাখা হয়েছে।’ বিষয়টি নিয়ে ওপারের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তবে কবে বা কখন থেকে পুরোপুরি চালু হবে তা নিশ্চিত করতে পারেননি তারা।