দেশের অবকাঠামো খাতে উদ্ভাবন, টেকসই নির্মাণ ও কাঠামোগত উৎকর্ষকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব মার্কেটিং আবিদ মাহমুদ। আগামী বছরের জানুয়ারিতে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্মার্ট, জলবায়ু সহনশীল ও টেকসই নগরায়ণের দিকে এগিয়ে যাওয়ার সময়ে প্রকৌশলীদের কাজের স্বীকৃতি প্রয়োজন। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে উদ্ভাবন, পরিবেশবান্ধব নির্মাণ এবং অভিজ্ঞ ও উদীয়মান প্রকৌশলীদের উৎসাহিত করার উদ্যোগ নেয়া হয়েছে।’
অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল ও লজিস্টিকস ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বলেন, ‘উচ্চ মানসম্পন্ন ও টেকসই নির্মাণসামগ্রী সরবরাহের পাশাপাশি প্রকৌশলীদের প্রতিভার স্বীকৃতি এবং পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণে উৎসাহ দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’
লাফার্জহোলসিম জানায়, অ্যাওয়ার্ডে চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এগুলো হলো হাই পারফর্মিং কংক্রিট স্ট্রাকচার, অ্যাডভান্সড কংক্রিট টেকনোলজি অ্যান্ড সার্কুলারিটি, লিজেন্ডারি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড এবং নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন। নেক্সট জেনারেশন/ভিশনারি ডিজাইন ক্যাটাগরিতে ১০ জন উদীয়মান প্রকৌশলী এবং বাকি তিন ক্যাটাগরিতে একজন করে বিজয়ী নির্বাচিত হবেন। এর পাশাপাশি একজনকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড দেয়া হবে।
পুরকৌশল খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডে রয়েছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান, অনন্ত গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) নিজাম আহমেদ, ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লিড ডিজাইন ইঞ্জিনিয়ার প্রকৌশলী আবদুল্লাহ আল হোসেন চৌধুরী (রিজভী), এসবি কনসালট্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম সাইফুল বারী (পি.ইং, বুয়েট) এবং এমআইএসটির পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল ড. খন্দকার শাকিল আহমেদ (পি.ইং, সি.ইং)।