গত সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কিছুটা বেড়েছে

পর্যাপ্ত সরবরাহ ও অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো তিন মাসের সর্বনিম্নের কাছাকাছি দামে এলএনজি বেচাকেনা হচ্ছে।

পর্যাপ্ত সরবরাহ ও অনুকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে এশিয়ার স্পট মার্কেটে এখনো তিন মাসের সর্বনিম্নের কাছাকাছি দামে এলএনজি বেচাকেনা হচ্ছে। তবে গত সপ্তাহে তা আগের তুলনায় কিছুটা বেড়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় মে মাসে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৩ ডলার ৪০ সেন্টে বেচাকেনা হয়েছে।

ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘এটি বর্তমানে একটি প্রতিক্রিয়াশীল বাজার। নতুন শুল্ক, নিষেধাজ্ঞা ও সম্ভাব্য নতুন সরবরাহ চালুর কারণে পরিস্থিতি পূর্বাভাস দেয়া কঠিন।’

তিনি আরো বলেন, ‘আমরা গ্রীষ্মকালীন ক্রয়ের সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আগামী দিনগুলোয় চাহিদা বেড়ে বর্তমান মূল্যকে কিছুটা ঊর্ধ্বমুখী করতে পারে।’

কেপলারের গ্যাস অ্যান্ড এলএনজি ইনসাইটসের ব্যবস্থাপক লরা পেজ বলেন, ‘‌কাতারসহ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এলএনজির চাহিদা বেশি শক্তিশালী। এ চুক্তিগুলো সাধারণত জ্বালানি তেলের দামের সঙ্গে সংযুক্ত থাকে। অর্থাৎ চুক্তি অনুযায়ী এলএনজির মূল্য নির্ধারণ করা হয় জ্বালানি তেলের দামের একটি নির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে। বর্তমানে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ায় এ দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা এলএনজির মূল্য স্পট মার্কেটের তুলনায় কম।’

তিনি আরো বলেন, ‘‌কাতারের সরবরাহ প্রথম প্রান্তিকে তাইওয়ানে পাঁচ বছরের গড়ের তুলনায় বেশি ছিল। আর মার্চে চীনে সরবরাহ বাড়ছে। দেশটির ওপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার পর থেকে এ প্রবণতা দেখা যাচ্ছে।’

আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌ভারতে তীব্র গরমের পূর্বাভাস এলএনজির চাহিদা কিছুটা বাড়াতে পরে। যদিও বর্তমান মূল্য বেশি ব্যয়বহুল বলে মনে করেন দেশটির ব্যবসায়ীরা।’

ডাটা অ্যানালিটিকস ফার্ম কেপলারের এলএনজি অ্যান্ড গ্যাস অ্যানালিস্ট রোনাল্ড পিন্টো বলেন, ‘‌এশিয়ায় এলএনজির দাম আগামী সপ্তাহে স্থিতিশীল থাকতে পারে। কারণ ইউরোপে প্রাকৃতিক গ্যাসের স্থিতিশীল আমদানি-রফতানি, অনুকূল আবহাওয়ার পূর্বাভাস, পর্যাপ্ত সরবরাহের অনুমান ও পুনরায় মজুদের প্রয়োজনীয়তার প্রত্যাশা বাজারকে সমর্থন দেবে।

তিনি আরো বলেন, ‘‌ইউরোপে গড়ের তুলনায় বেশি তাপমাত্রা ও আংশিকভাবে পুনরুদ্ধার হওয়া বায়ুশক্তি উৎপাদন আগামী সপ্তাহে মূল্যের সীমিত ওঠানামা বজায় রাখতে পারে। তবে মার্চের শেষ দিকে তাপমাত্রা মৌসুমি গড়ের নিচে নেমে গেলে আবার তা ঊর্ধ্বমুখী হতে পারে।’

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার মে মাসের সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১২ ডলার ৯২ সেন্টে। এছাড়া একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৭০ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস মার্চের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার ১৫ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার ৯৯ সেন্ট নির্ধারণ করেছে।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, গত শুক্রবার আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় বেড়ে দৈনিক ৩১ হাজার ডলারে পৌঁছেছে। প্রশান্ত মহাসাগরীয় পথে তা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ২৭ হাজার ২৫০ ডলারে।

আরও