দাভোস ইন দ্য ডেজার্ট

চলমান হামলার জেরে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন স্থগিত

এবার সম্মেলনটির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বের শীর্ষস্থানীয় ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এ সম্মেলন সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিবছর অনুষ্ঠিত হয়

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত এবং সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবে প্রাণঘাতী হামলার ঘটনায় দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন স্থগিত করা হয়েছে। ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) নামের এ সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে বলে গতকাল জানিয়েছেন আয়োজকরা। খবর রয়টার্স।

সম্মেলনটি আগামী ২৬-২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে আয়োজকদের বিবৃতিতে জানানো হয়েছে।

এবার সম্মেলনটির দশম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বের শীর্ষস্থানীয় ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের আদলে অনানুষ্ঠানিকভাবে ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ নামে পরিচিত এ সম্মেলন সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিবছর অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে বিপুল বিদেশী বিনিয়োগ আকর্ষণ করাই সম্মেলনটির অন্যতম লক্ষ্য।

এবারের সম্মেলনে গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ডেভিড সলোমন, স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী বিল উইন্টার্স এবং সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজারের বক্তব্য দেয়ার কথা ছিল।

চলতি বছর ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন আয়োজনের সূচিতে বিঘ্ন ঘটিয়েছে। বছরের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারে বেশ কয়েকটি সম্মেলন বাতিল, স্থগিত অথবা নতুনভাবে আয়োজন করা হয়। ওই সময়ে দেশ দুটি হামলার বেশি শিকার হলেও সৌদি আরবে হামলার ঘটনা তুলনামূলক কম ছিল।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত বেড়েছে। দেশটির সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাষ্ট্রীয় জ্বালানি তেল কোম্পানি আরামকোর সদর দপ্তর এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর। চলতি মাসে এসব হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েকশ মানুষ।

এফআইআই আয়োজকরা বলেছেন, অংশগ্রহণকারীরা সম্মেলনটির কাছ থেকে যে ব্যাপকতা, অসাধারণ মান ও স্মরণীয় অভিজ্ঞতা প্রত্যাশা করেন, তা নিশ্চিত করতেই তারা আয়োজনটি পিছিয়ে দিয়েছেন।

এদিকে গতকাল সংবাদমাধ্যম সেমাফোর জানায়, বড় ব্যাংক ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানগুলো সম্মেলনে অংশগ্রহণের নিরাপত্তা নিয়ে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ানের কাছে ব্যক্তিগতভাবে উদ্বেগ জানিয়েছে।

আরও