আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৫’। এ আয়োজনে তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স ও কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য এবং ইলেকট্রনিকসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শতাধিক প্রতিষ্ঠান। আয়োজক হিসেবে রয়েছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। সহযোগিতায় রয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন এসসিসিআইয়ের মহাসচিব জুলফিকার আলী ভাট। তিনি বলেন, ‘মেলায় বিটুবি ম্যাচ-মেকিং সেশন ও বিজনেস নেটওয়ার্কিং সেশনসহ বিভিন্ন আয়োজন সার্কভুক্ত দেশগুলোর ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের মধ্যে আস্থা বৃদ্ধি করবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত জ্ঞান আদান-প্রদানের সুযোগ তৈরি হবে, যা আঞ্চলিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসসিসিআইয়ের মহাসচিব আরো বলেন, ‘আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ থাকলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এ মেলার মাধ্যমে এসব দেশের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে, যেটা খুবই জরুরি।’ এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তানের শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলেও জানান তিনি।