ভারতে চালের রফতানি মূল্য এক মাসের সর্বোচ্চে, থাইল্যান্ড ও ভিয়েতনামে স্থিতিশীল

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারতে এ সময় এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যশস্যটির দাম।

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। ভারতে এ সময় এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে খাদ্যশস্যটির দাম। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, রুপির ঊর্ধ্বমুখী বিনিময় হার ও চাহিদা বৃদ্ধি চালের রফতানি মূল্য বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। তবে থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো প্রধান রফতানি কেন্দ্রগুলোয় দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।

ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল টনপ্রতি ৩৫৩-৩৫৯ ডলার, যা গত ৮ জানুয়ারির পর সর্বোচ্চ। আগের সপ্তাহে দেশটিতে চালের দাম ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার। একই সময়ে ভারতের ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার।

মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী জানান, গত সপ্তাহে রুপির বিনিময় হার বাড়ায় রফতানিকারকদের ডলারে দাম বাড়াতে হয়েছে। তবে রুপির বিনিময় হার ১ শতাংশের বেশি বাড়ায় অন্যান্য দেশে বিক্রি থেকে স্থানীয় মুদ্রায় তাদের আয় কমে গেছে। ফলে রফতানিকারকদের মুনাফা আয় কিছুটা চাপের মুখে পড়েছে।

ভিয়েতনামে গত সপ্তাহে স্থিতিশীল ছিল চালের দাম। ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার দেশটির ৫ শতাংশ খুদযুক্ত চালের দর ছিল টনপ্রতি ৩৬০-৩৬৭ ডলার, যা এক সপ্তাহ আগের তুলনায় সমান। হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘ফিলিপাইন আবার চাল কেনা শুরু করলেও তার পরিমাণ গত বছরের তুলনায় কম।’

প্রাথমিক শিপিং তথ্যানুযায়ী, জানুয়ারিতে দক্ষিণ ভিয়েতনামের বন্দরগুলো থেকে ২ লাখ ৫৯ হাজার টন চাল পাঠানো হয়েছে। এর বড় অংশ গেছে ফিলিপাইন ও মালয়েশিয়ায়।

থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল টনপ্রতি ৩৯০-৪০০ ডলারে বেচাকেনা হয়েছে। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, চাহিদা আগের সপ্তাহের মতোই রয়েছে। তবে সরবরাহ বেড়েছে।

তিনি আরো বলেন, ‘‌ফিলিপাইন নতুন করে চাল ক্রয় শুরু করতে পারে।’

অন্যদিকে ইন্দোনেশিয়ায় অনুকূল আবহাওয়ায় ২০২৫ সালে চাল উৎপাদন আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে। পাশাপাশি ২০২৬ সালের প্রথম প্রান্তিকেও উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও