চামড়া খাতের তালিকাভুক্ত লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড ও পোশাক খাতের তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। যদিও শেয়ারদর ও লেনদেনের এ অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৮ অক্টোবর লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর ছিল ৩৪ টাকা ৬০ পয়সায়। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৮৩ শতাংশ।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল (এনএভিপিএস) ১১ টাকা ২৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ২৩ পয়সা।
গত ২৪ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারদর ছিল ১৭ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৭৭ শতাংশ।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সোনারগাঁও টেক্সটাইলসের ইপিএস হয়েছে ২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৮ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের হিসাব বছরে লোকসান হয়েছিল ২৩ পয়সা।