অর্থনীতি সম্প্রসারণের ধারায় থাকলেও পিএমআই মান কমেছে

দেশের অর্থনীতি টানা তিন মাস সম্প্রসারণের ধারায় থাকলেও ডিসেম্বরে দশমিক ৫ পয়েন্ট কমেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মান।

দেশের অর্থনীতি টানা তিন মাস সম্প্রসারণের ধারায় থাকলেও ডিসেম্বরে দশমিক ৫ পয়েন্ট কমেছে পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) মান। জুলাই-আগস্টের আন্দোলনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফেরে অর্থনীতি। এর পর থেকে পিএমআই মান বাড়তে থাকলেও ডিসেম্বরে কিছুটা কমেছে। যদিও পিএমআই-সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতি এখনো সম্প্রসারণের ধারায় রয়েছে। পিএমআই মান ১০০-এর মধ্যে ৫০-এর ওপরে থাকলে অর্থনীতির সম্প্রসারণ ধারা বোঝানো হয়। ডিসেম্বরের পিএমআই মান ৬১ দশমিক ৭, যা নভেম্বরে ৬২ দশমিক ২ ছিল।

রাজধানীতে গতকাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কার্যালয়ে ডিসেম্বরের পিএমআই প্রকাশ করা হয়। এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশস (পিইবি) প্রতি মাসে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। দেশের অর্থনীতির প্রধান চারটি খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়।

ডিসেম্বরের পিএমআই প্রতিবেদনে দেখা যায়, চারটি খাতই সম্প্রসারণের ধারায় থাকলেও কৃষি ও সেবা খাতের পিএমআই নভেম্বরের তুলনায় কমেছে। তখন কৃষি খাতের পিএমআই মান ছিল ৬৭ দশমিক ২, যা ডিসেম্বরে ৫২ দশমিক ৮-এ নেমেছে। একই পরিস্থিতি সেবা খাতে। নভেম্বরে ৬৪ পয়েন্ট থেকে ডিসেম্বরে ৫৯ দশমিক ৯-এ নেমে গেছে।

তবে উৎপাদন ও নির্মাণ খাতের মান বেড়েছে যথাক্রমে ৮ দশমিক ৯ ও ১০ দশমিক ৮ পয়েন্ট করে। নভেম্বরে উৎপাদন খাতের পিএমআই ছিল ৬০ দশমিক ৯, যা ডিসেম্বরে ৬০ দশমিক ৮-এ এসে দাঁড়িয়েছে। একইভাবে নির্মাণ খাতও ৪৯ দশমিক ৬ থেকে ৬০ দশমিক ৪-এ উন্নীত হয়েছে।

ডিসেম্বরের পিএমআই প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের পিএমআই নতুন বছরে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্দেশ করে। সার্বিকভাবে কিছুটা ধীরতর হলেও অর্থনীতির প্রধান খাতগুলো সম্প্রসারণমূলক সূচক প্রদর্শন করেছে।

পিএমআই প্রকাশ অনুষ্ঠানে এমসিসিআইয়ের সচিব ফারুক আহমেদ, পিইবির অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক হাসনাত আলম এবং জ্যেষ্ঠ বিশ্লেষক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

আরও