৬০ কর্মদিবসে ৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ প্রিমিয়ার ব্যাংকের

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি তার ‘স্পেশাল ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ৬০ কর্মদিবসে ৩ হাজার ৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে।

এছাড়া ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘স্পেশাল ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইনের সাফল্য ব্যাংকের সব স্তরের কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণ এবং গ্রাহকদের অব্যাহত অবিচল আস্থারই প্রতিফলন।’ এছাড়া তিনি টেকসই প্রবৃদ্ধি ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজ ডিপোজিট সংগ্রহ আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন ডিপোজিট ক্যাম্পেইনকে আরো সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের আস্থা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টার সমন্বয়ে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে প্রিমিয়ার ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা একযোগে কাজ করছেন।

আরও