প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে পুনর্বিনিয়োগের সুবিধা পাবেন না। পাবেন শুধু ব্যক্তি বিনিয়োগকারীরা। এছাড়া এখন থেকে আন্তর্জাতিক সমুদ্রগামী জাহাজে চাকরিরত বাংলাদেশী নাবিক (মেরিনার) ও এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত বাংলাদেশী পাইলট ও কেবিন ক্রুরা ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগ পাবেন। বিষয়টি পরিপালনের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংক ব্যতীত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ নির্দেশ দিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ সংস্থা। প্রসঙ্গত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানি ভবিষ্য তহবিলের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারে।
একইভাবে বিনিয়োগ করতে পারে মৎস্য, পোলট্রি, কৃষি ফার্ম ও অটিস্টিক বা প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।
সমুদ্রগামী জাহাজ বা এয়ারওয়েজ কোম্পানিতে চাকরিরত অনিবাসী বাংলাদেশী নাবিক (মেরিনার), পাইলট ও কেবিন ক্রুদের জন্য ওয়েজ আর্নার্স বন্ডে বিনিয়োগের সুযোগ বন্ধ করে দিয়েছিল আগের সরকার। সেটি পুনরায় চালু করা হয়েছে।