দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে জিরার দাম কমেছে কেজিতে ৫০ টাকা। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি ও ক্রেতা সংকট মসলাপণ্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
গতকাল হিলি বাজারে সরজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই পর্যাপ্ত জিরার সরবরাহ রয়েছে। বর্তমানে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৫৩০ টাকায়, এক সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৫৮০ টাকা।
হিলি বাজারের জিরা বিক্রেতা জহুরুল ইসলাম জানান, দেশে মূলত ভারত থেকে আমদানীকৃত জিরা দিয়েই ক্রেতাদের চাহিদা মেটানো হয়। বর্তমানে হিলি স্থলবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে জিরা আমদানি হচ্ছে। এতে বাজারে পণ্যটির সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অন্যদিকে ক্রেতা সংকটে জিরার বাজারদর কমেছে।
এদিকে অভ্যন্তরীণ ও বিদেশী চাহিদা কমার কারণে ভারতের বাজারেও জিরার দাম এখন কমতির দিকে। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেডিয়া অ্যাডভাইজরির তথ্যানুযায়ী, গত বুধবার ফিউচার মার্কেটে মসলাপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। প্রতি কুইন্টালের (১০০ কেজি) দাম নির্ধারণ হয়েছে ১৮ হাজার ৯১০ রুপি।