বিসিআইয়ের গোলটেবিল বৈঠক

লাইট ইঞ্জিনিয়ারিং খাতের জন্য পৃথক শিল্পপার্ক চান উদ্যোক্তারা

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পৃথক শিল্পপার্ক স্থাপনের বিকল্প নেই।

লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পৃথক শিল্পপার্ক স্থাপনের বিকল্প নেই। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা এ দাবি জানান। রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের নানা সমস্যার সমাধান খুঁজতে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সঞ্চালনায় ছিলেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।

বৈঠকে সভাপতির বক্তব্যে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, ‘বিসিআই দেশে নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং মাইক্রো ও স্মল শিল্পের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।’

বৈঠকে অংশ নিয়ে এসএমইর সংজ্ঞায় পরিবর্তন আনার দাবি জানান এসএমই ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলি জামান। তিনি বলেন, ‘এসএমই খাতের সুবিধার বেশির ভাগই নিয়ে যায় মাঝারি শিল্প খাত।’

লাইট ইঞ্জিনিয়ারিং খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের (বিইআইওএ) সভাপতি মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আলাদা শিল্পপার্কের বিকল্প নেই। এছাড়া নীতিমালার সঠিক বাস্তবায়ন জরুরি।’ উচ্চ সুদহার এ খাতের জন্য অন্যতম প্রতিবন্ধকতা বলেও মন্তব্য করেন তিনি।

আরও