যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধের জেরে ইউরোপের কয়েকটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর প্রভাবে আপৎকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুগুলোর চাহিদা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে আবারো রেকর্ড ভেেঙছে স্বর্ণ ও রুপার দাম। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৬৯ ডলার ৯ সেন্টে পৌঁছেছে। এর আগে দিনব্যাপী কেনাবেচার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম ৪ হাজার ৬৮৯ ডলার ৩৯ সেন্টে পৌঁছয়, যা আধুনিক পণ্যবাজারের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। একই সময় ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৪ হাজার ৬৭৪ ডলার ১০ সেন্টে।
ডোনাল্ড ট্রাম্প শনিবার ইউরোপের কয়েকটি মিত্র দেশের ওপর ধাপে ধাপে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। তার বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা চলবে না। বর্তমানে ডেনমার্কের বিশাল আর্কটিক দ্বীপটি ঘিরে চলমান বিরোধ আরো তীব্র হয়েছে।
মার্কেট অ্যানালাইসিস ও ব্রোকার প্রতিষ্ঠান এক্সএস ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, ‘যেকোনো প্রাতিষ্ঠানিক ও নীতিগত ঝুঁকি যখন সামনে আসে, তখন আপৎকালীন বিনিয়োগ খাত হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। ফলে এ সময় মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়।’
অন্য এক বাজার বিশ্লেষক জানান, ট্রাম্পের সর্বশেষ শুল্ক ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারের প্রধান সূচকগুলোয় নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এছাড়া ডলারের বিনিময় হারও কমে এসেছে। ফলে বিনিয়োগকারীদের কাছে জাপানি ইয়েন ও সুইস ফ্রাঁর মতো মুদ্রার চাহিদা বেড়েছে।
বিশ্ববাজারে গত বছরজুড়ে স্বর্ণের দাম বেড়েছে ৬৪ শতাংশের বেশি। এছাড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির হার ৮ শতাংশেরও বেশি।
সংশ্লিষ্টরা আরো জানান, যুক্তরাষ্ট্রে শ্রমবাজার এখনো দুর্বল ও অস্থিতিশীল। যদি কর্মসংস্থানের সুযোগ দ্রুত কমে যায় বা সমস্যা বাড়ে, তাহলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার আরো কমাতে পারে।
তবে বাজার বিশ্লেষকদের ধারণা, ফেড ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদহার অপরিবর্তিত রাখবে। তবে চলতি বছরে অন্তত দুই দফা ২৫ বেসিস পয়েন্ট করে সুদহার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে স্পট মার্কেটে গতকাল রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৩ ডলার ১৭ সেন্টে পৌঁছে। এর আগে এক পর্যায়ে রুপার দাম রেকর্ড ৯৪ ডলার ৮ সেন্টে পৌঁছে যায়। চলতি বছর এখন পর্যন্ত ধাতুটির দাম বেড়েছে ৩০ শতাংশের বেশি।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৫৫ ডলার ৭০ সেন্টে দাঁড়িয়েছে। এ সময় প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ ডলার ৭০ সেন্টে।