ট্রাম্প-পুতিন বৈঠককে ঘিরে প্রত্যাশা বিনিয়োগকারীদের

রেকর্ড সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি বৈশ্বিক পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে বৈশ্বিক পুঁজিবাজার। বিভিন্ন দেশে শেয়ারবাজারের প্রায় সব প্রধান সূচকই গতকাল অবস্থান করছিল রেকর্ড উচ্চতার কাছাকাছিতে।

ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে বৈশ্বিক পুঁজিবাজার। বিভিন্ন দেশে শেয়ারবাজারের প্রায় সব প্রধান সূচকই গতকাল অবস্থান করছিল রেকর্ড উচ্চতার কাছাকাছিতে। ভূরাজনৈতিক উত্তেজনা ও শুল্ক বিবাদের মধ্যেও বিশ্বব্যাপী পুঁজিবাজারের এ ঊর্ধ্বমুখী প্রবণতায় ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা। যদিও ফেডের সুদহার হ্রাসের সম্ভাবনা কমতে থাকায় শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের বাজারে অধিকাংশ শেয়ারেরই দাম এখন কমতির দিকে। তবে প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদরে উল্লম্ফন সার্বিক হিসাবে বাজারকে ঊর্ধ্বমুখী করে রেখেছে। বর্তমানে দেশটির খুচরা পর্যায়ে বিক্রির তথ্য নিয়ে সরকারি পরিসংখ্যান প্রকাশে বিনিয়োগকারীদের অপেক্ষাও এখন শেয়ারবাজারকে কিছু চাপে রেখেছে। খবর রয়টার্স ও এপি।

দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে প্রবেশের পর থেকে ইউক্রেন যুদ্ধ বন্ধে একাধিক উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। প্রতিবারই পুঁজিবাজারগুলোয় এর ইতিবাচক প্রভাব পড়তে দেখা গেছে। যদিও ভূরাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, ট্রাম্প-পুতিনের প্রথম বৈঠক থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিরতির ঘোষণা আসার সম্ভাবনা কম। তবে ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, আলাপ ফলপ্রসূ হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে পরবর্তী বৈঠক হতে পারে। ফলে এ মুহূর্তে শান্তি আলোচনা নিয়ে আশাবাদ ধরে রেখেছেন বিনিয়োগকারীরা।

বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের সম্মিলিত পারফরম্যান্স পরিমাপক এমএসসিআই অল কান্ট্রি ওয়ার্ল্ড ইনডেক্স। সূচকটি আগের দিনগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা গতকালও ধরে রাখে। ইউরোপেও গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে ঊর্ধ্বমুখিতায়। সর্বশেষ তথ্যানুযায়ী, সূচকটি সর্বশেষ দশমিক ২ শতাংশ বেড়ে গত বুধবারের রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছিল। ওয়াল স্ট্রিট ফিউচারস সূচকও গতকাল বেড়েছে দশমিক ১ থেকে দশমিক ২ শতাংশ।

এ বিষয়ে পিক্টে অ্যাসেট ম্যানেজমেন্টের মাল্টি-অ্যাসেট বিভাগের সহপ্রধান শানিয়েল রামজি বলেন, ‘যুদ্ধের কারণে ইউরোপীয় বাজারে এখনো কিছুটা ঝুঁকি রয়েছে। এখন যুদ্ধ নিয়ে কোনো ধরনের সমাধান এলে এ ঝুঁকি প্রশমিত হয়ে আসবে।’

তার ভাষ্যমতে, এ ধরনের পরিস্থিতির প্রভাব জ্বালানি তেল ও অন্যান্য পণ্যমূল্যে পড়তে পারে। তবে এখনই অতিরিক্ত প্রত্যাশা করার মতো কিছু ঘটেনি। কেননা এ ধরনের আশাভঙ্গের ঘটনা আগেও ঘটেছে।

শানিয়েল রামাজি বলেন, ‘শেষ পর্যন্ত ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয়দের সম্পৃক্ত না করে চূড়ান্ত কোনো চুক্তি সম্ভব নয়।’

এশিয়ার বাজারেও গতকাল অধিকাংশ স্থানেই দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। চীনের সাংহাই কম্পোজিট সূচক দশমিক ৮ শতাংশ বাড়লেও হংকংয়ের হ্যাং সেং সূচক ১ দশমিক ২ শতাংশ সংকুচিত হয়েছে। জাপানে নিক্কেই ২২৫ সূচক বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ। জাপান সরকার জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশটির অর্থনীতিতে সম্প্রসারণের দাঁড়িয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ, যা পর্যবেক্ষকদের প্রত্যাশার চেয়ে বেশি।

এশিয়ার অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক বেড়েছে দশমিক ৭ শতাংশ। এছাড়া তাইওয়ানের তাইএক্স দশমিক ৪ শতাংশ ও ভারতের বিএসই সেনসেক্স দশমিক ১ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রে সুদহার কমানো নিয়ে বিনিয়োগকারীদের নানা প্রত্যাশা, পূর্বাভাস ও প্রক্ষেপণ এখন বাজারে বড় প্রভাবক হয়ে উঠছে। বর্তমানে বাজারসংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এর আগে বৃহস্পতিবার উৎপাদক মূল্য সূচক (পিপিআই) বেড়ে যাওয়ার তথ্য প্রকাশের পর বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ফেডের সুদহার কমানোর সম্ভাবনাও কমেছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াল স্ট্রিটেও এর প্রভাব কিছু মাত্রায় দেখা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, পিপিআই ডাটা সেপ্টেম্বরে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে দ্বিধা তৈরি করেছে। কারণ নিম্ন সুদহার বিনিয়োগ ও অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, তবে তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। অকল্যান্ডের ইলেক্টাস ফাইন্যান্সিয়াল লিমিটেডের পরিচালক মাইক হুলাহান বলেন, ‘মূল্যস্ফীতির আশঙ্কা বাড়ায় ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সব আলোচনা শেষ হয়ে গেছে।’

এদিকে বৃহস্পতিবারের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেকার ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা কমেছে, যা শ্রমবাজারের জন্য ভালো সংকেত। তবে চাকরির শক্তিশালী বাজার ফেডের স্বল্পমেয়াদে সুদহার কমানোর প্রয়োজনীয়তাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে।

মার্কিন অর্থনীতির এসব তথ্য নিয়ে বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের নানা হিসাব-নিকাশের মধ্যে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো প্রায় অপরিবর্তিত ছিল। তবে বৃহস্পতিবার দিন শেষে এসঅ্যান্ডপি ৫০০ সূচক রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে এসে স্থির হয়েছে টানা তৃতীয় দিনের মতো।

ওইদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচকের অন্তর্ভুক্ত প্রতি ১০টি শেয়ারের মধ্যে সাতটির মূল্য কমেছে। যদিও সার্বিকভাবে সূচকটি প্রায় দশমিক ১ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়ে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বৃহস্পতিবার হ্রাস পেয়েছিল দশমিক ১ শতাংশের কিছু কম। একই সময় আগের দিনের রেকর্ড সর্বোচ্চ পর্যায় থেকে প্রায় সমহারে কমেছে নাসডাক কম্পোজিট।

ওয়াল স্ট্রিটে অধিকাংশ শেয়ারদর কমতির দিকে থাকলেও এ ক্ষতিকে আড়াল করছে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারদরে উল্লম্ফন। এদিন অ্যামাজনের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২ লাখ ৪৫ হাজার কোটি ডলারের কোম্পানিটির শেয়ারদরের ওঠানামা এসঅ্যান্ডপি ৫০০ সূচকে বড় প্রভাব ফেলছে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতি চীনকে নিয়েও বাজারে এখন কিছু উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্যমতে, গত মাসে চীনের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কহারের চাপ বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে। বিশেষ করে দেশটির ও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ এখন সংকোচনের ধারায় রয়েছে। এছাড়া কারখানা সরঞ্জামসহ স্থায়ী সম্পদে বিনিয়োগে জুলাইয়ে প্রবৃদ্ধির হার ছিল আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ। যেখানে জানুয়ারি-জুন সময়কালের এ প্রবৃদ্ধির গড় হার ছিল ২ দশমিক ৮ শতাংশ।

আইএনজি ইকোনমিকসের তথ্য অনুযায়ী, গত মাসে চীনে খুচরা বিক্রি, স্থায়ী সম্পদ বিনিয়োগ ও শিল্প খাতের প্রবৃদ্ধি—সবই বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শক্তিশালী শুরুর পর কয়েক মাসের মন্দাভাব ইঙ্গিত দিচ্ছে, দেশটির অর্থনীতিতে আরো নীতিগত সহায়তা ও সরকারি প্রণোদনার প্রয়োজন হতে পারে।

মুদ্রাবাজারে গতকাল আপৎকালীন বিনিয়োগ হিসেবে পরিচিত ইয়েনের বিনিময় হার কিছুটা শক্তিশালী হয়েছে। এ সময় জাপানি মুদ্রায় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১৪৭ দশমিক ১১ ইয়েন। ইউরোর বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ১ ডলার ১৭ সেন্টের কাছাকাছিতে। এছাড়া ক্রিপ্টোকারেন্সি বাজারে বৃহস্পতিবার বিটকয়েনের মূল্য পৌঁছেছে রেকর্ড ১ লাখ ২৪ হাজার ৪৮০ ডলার ৮২ সেন্টে।

আরও