প্রবৃদ্ধির নিরিখে কয়েক বছর ধরে শ্লথ গতিতে এগোচ্ছে জার্মান অর্থনীতি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফের এমন নজির দেখা গেল। এ সময় দেশটির অর্থনীতি আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) তুলনায় কোনো প্রবৃদ্ধি অর্জন করেনি বলে জানিয়েছে জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অথরিটি (ডেসটাটিস)। খবর আনাদোলু।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফের কারণে বাকি বিশ্বের মতো ভুক্তভোগী ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলো। এর প্রভাব পড়েছে অঞ্চলটির বৃহত্তম অর্থনীতি জার্মানির ওপরও।
এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে দশমিক ৩ শতাংশ সংকোচন দেখেছিল জার্মানি। পরিসংখ্যান বলছেন, সামগ্রিক বিচারে তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতিতে নতুন কোনো পতন ঘটেনি।
অবশ্য গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় এবারের একই সময় জার্মানিতে জিডিপি বেড়েছে দশমিক ৩ শতাংশ। এটি বার্ষিক ভিত্তিকে খুব অল্প প্রবৃদ্ধিই নির্দেশ করে।
পরিসংখ্যানবিষয়ক সংস্থা ডেসটাটিসের প্রেসিডেন্ট রুথ ব্র্যান্ড বলেন, ‘তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক ক্রিয়াকলাপে ধীর করেছে দুর্বল রফতানি খাত।’
সামগ্রিক হিসাবে দেখা যাচ্ছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জার্মানিতে চূড়ান্ত ভোগ ব্যয় স্থির ছিল। তবে গৃহস্থালি ও সরকারি চূড়ান্ত ব্যয়ে ভিন্ন প্রবণতা দেখা গেছে।
২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) পর গত প্রান্তিকে প্রথমবারের মতো গৃহস্থালির ভোগ ব্যয় কমেছে জার্মানিতে। এর অন্যতম কারণ হলো খাদ্য ও পানীয় বাবদ রেস্তোরাঁ ও ক্যাফেতে কম ব্যয় করা। একই সঙ্গে হোটেল ও গেস্ট হাউজে কম ব্যয় করেছেন তারা।
এর বিপরীতে সরকারি চূড়ান্ত ভোগ ব্যয় আবার বেড়েছে। এপ্রিল-জুন প্রান্তিকের তুলনায় এটি বেড়েছে দশমিক ৮ শতাংশ।
অবশ্য রফতানি খাতে দুর্বলতা প্রান্তিকের শেষ দিকে কিছুটা সামলে নেয় জার্মানি। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে রফতানি পাঁচ মাস সংকোচনের পর সেপ্টেম্বরে ফের বাড়ে। আগের মাসের তুলনায় ১১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ২২০ কোটি ইউরোয় পৌঁছয়। তবে এটি ২০২৪ সালের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ কম, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবকে নির্দেশ করছে।