মায়ামিতে কার্গো দুর্ঘটনা

‘২১ এয়ারের’ সঙ্গে কাজ বন্ধ অ্যামাজনের

গত সপ্তাহে এয়ারের পরিচালিত একটি কার্গো উড়োজাহাজ মায়ামি আন্তর্জাতিক উড়োজাহাজ বন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে যায়। এ ঘটনায় পাঁচজন নিহত হন।

মায়ামিতে কার্গো দুর্ঘটনার পর উড়োজাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ২১ এয়ারের সঙ্গে কার্যক্রম স্থগিত করেছে অ্যামাজন। গত সপ্তাহে এয়ারের পরিচালিত একটি কার্গো উড়োজাহাজ মায়ামি আন্তর্জাতিক উড়োজাহাজ বন্দরে অবতরণের সময় রানওয়ে ছাড়িয়ে যায়। এ ঘটনায় পাঁচজন নিহত হন। খবর রয়টার্স।

অ্যামাজন রোববার জানায়, দুর্ঘটনার তদন্তে সহযোগিতা ও ঘটনার আশপাশের পরিস্থিতি পর্যালোচনা করার পর ২১ এয়ারের সঙ্গে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অ্যামাজনের মুখপাত্র কেলি ন্যান্টেল রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত সপ্তাহের মর্মান্তিক ঘটনার পর আমরা তদন্তে সহযোগিতা করেছি ও সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করেছি। এরপর ফ্লাইট ৭৫৯৮-এর পরিচালনাকারী ২১ এয়ারের সঙ্গে আমাদের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

অ্যামাজন জানায়, তদন্তে সহযোগিতা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে থাকার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দুর্ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি জানান, অবতরণের পর পাইলটরা রানওয়ে ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি বুঝতে পেরে অবতরণ বাতিল করার কথা বিবেচনা করেছিলেন। ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য জানানো হয়।

দুর্ঘটনার সময় আকাশযানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মায়ামি যাচ্ছিল। সেদিন এটি ছিল উড়োজাহাজটির তৃতীয় ফ্লাইট। এর আগে উড়োযানটি সিনসিনাটি থেকে মায়ামি ও পরে মায়ামি থেকে সান হুয়ান গিয়েছিল।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত এ উড়োজাহাজ ছিল ৩২ বছরের পুরনো বোয়িং ৭৬৭-৩০০ কার্গো উড়োজাহাজ।

২১ এয়ার জানায়, তদন্ত চলাকালে সংস্থাটি এনটিএসবি, অ্যামাজনসহ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করবে। প্রতিষ্ঠানটি নিজেদের নিরাপত্তা নীতি, কার্যপ্রণালি ও প্রশিক্ষণের ওপর আস্থা থাকার কথাও উল্লেখ করেছে।

আরও