ভারতে কিয়ার বিক্রি বেড়েছে

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ভারতে রেকর্ড বিক্রির সাফল্য দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কিয়া।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ভারতে রেকর্ড বিক্রির সাফল্য দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা কিয়া। বিক্রির এ উত্থানে প্রধান ভূমিকা রেখেছে কোম্পানিটির নতুন এসইউভি সাইরোস। খবর কোরিয়া হেরাল্ড।

ভারতের গাড়ি প্রস্তুতকারকদের সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি-জুনে কিয়া ভারতে ১ লাখ ৪২ হাজার ১৩৯টি গাড়ি বিক্রি করেছে, যা ২০২৩ সালের প্রথমার্ধে করা কিয়ার রেকর্ড বিক্রি ১ লাখ ৩৬ হাজার ১০৮ ইউনিট থেকে ৪ দশমিক ৪ শতাংশ বেশি। বিক্রির এ গতি ২০২৪ সালে ভারতে বিক্রির পতনের পর কিয়ার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। এরই মধ্যে পুরো বছরের লক্ষ্যমাত্রা তিন লাখ ইউনিট গাড়ি বিক্রির প্রায় অর্ধেক পূরণ করেছে কিয়া।

একই সময় ভারতে কিয়ার বাজার হিস্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ শতাংশে, যা আগের বছরের তুলনায় দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট বেশি। এর ফলে ভারতের ব্যক্তিগত যানবাহন বাজারে ষষ্ঠ স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালে কিয়ার বিক্রি হ্রাস পায়। তবে নতুন মডেল সাইরোস সেই প্রবণতা বদলে দেয়। ভারতের ঘনবসতিপূর্ণ শহর ও সংকীর্ণ সড়ক পরিকল্পনায় রেখে তৈরি এই কমপ্যাক্ট এসইউভি গত মাসে ২৪ হাজার ৩৭১ ইউনিট বিক্রি হয়েছে। বিক্রির সংখ্যায় শীর্ষে রয়েছে কিয়ার জনপ্রিয় মডেল সনেট এসইউভি, সেলটোস এসইউভি ও কারেনস মাল্টি-পারপাস ভেহিকল। তবে ভারতীয় বাজারে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাইরোস।

চলতি মাসে কিয়া বাজারে এনেছে পুরোপুরি বিদ্যুচ্চালিত মডেল কারেনস ক্লাভিস। ভারতের ইভি বাজার ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ উঠছে। এর একদিকে রয়েছে স্থানীয় নির্মাতাদের চ্যালেঞ্জ, অন্যদিকে রয়েছে ভারতীয় বাজারে টেসলার প্রবেশ। সেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছে কিয়া।

স্থানীয় বাজারের জন্য উদ্ভাবনী পণ্য তৈরির লক্ষ্য নিয়ে কিয়া ভারতের শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) সঙ্গে অংশীদারত্ব করছে।

প্রতিষ্ঠানটি ইভি৬ ও ইভি৯ এসইউভি ছাড়াও ভারতে বিক্রীত সব গাড়ি অন্ধ্র প্রদেশের নিজস্ব কারখানায় উৎপাদন করে। ২০১৯ সালে এ কারখানায় উৎপাদন শুরু হয় এবং চলতি বছরের প্রথম প্রান্তিক পর্যন্ত উৎপাদন ছিল ১৪ লাখ ৮২ হাজার ৪৯০ ইউনিট।

তবে বিশ্বব্যাপী বাজারে কিয়া কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। শুক্রবার কিয়া জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ২৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ ট্রিলিয়ন কোরিয়ান ওন বা প্রায় ২ বিলিয়ন ডলার। এর প্রধান কারণ গাড়ি আমদানির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ২৫ শতাংশ শুল্ক।

আরও