স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চে রুপার দর

বিনিয়োগ চাহিদা ও সরবরাহ সংকটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে রুপার দাম।

বিনিয়োগ চাহিদা ও সরবরাহ সংকটে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে রুপার দাম। এ সময় বেচাকেনার এক পর্যায়ে স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম পৌঁছে আউন্সপ্রতি ৬৭ ডলার ৪৫ সেন্টে। পরবর্তী সময়ে তা আউন্সপ্রতি ৬৭ ডলার ৪৫ সেন্টে স্থির হয়। সব মিলিয়ে গত সপ্তাহে রুপার দাম বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। খবর রয়টার্স।

রুপার দাম চলতি বছর ১৩২ শতাংশ বেড়েছে। দামের এ ঊর্ধ্বমুখিতার পেছনে মূল ভূমিকা রেখেছে বিনিয়োগ চাহিদা বৃদ্ধি ও কম সরবরাহ। ব্লু লাইন ফিউচারের হেড অব মার্কেট স্ট্র্যাটেজিস্ট ফিলিপ স্ট্রাইবল বলেন, ‘রুপাভিত্তিক ইটিএফ ও খুচরা খাতে চাহিদা বৃদ্ধির কারণে মূল্যবান ধাতুটির দরবৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে।’

যুক্তরাষ্ট্রে নভেম্বরে ভোক্তা মূল্যসূচক ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এছাড়া দেশটিতে গত মাসে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে, যা ২০২১ সালের সেপ্টেম্বর পর সর্বোচ্চ। এসব তথ্য প্রকাশের পর সামনের দিনগুলোয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার আরো কমাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এলএসইজির তথ্যানুযায়ী, আগামী বছর অন্তত দুবার ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমানো হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

স্পট মার্কেটে প্লাটিনামের দাম গত বৃহস্পতিবার ১৭ বছরের সর্বোচ্চে পৌঁছেছিল। শুক্রবার তা আরো ৩ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৭৫ ডলার ৫১ সেন্টে পৌঁছেছে।

চলতি বছর প্লাটিনামের দাম বেড়েছে প্রায় ১১৫ শতাংশ। মূল্যবান ধাতুটি মূলত গাড়ির ক্যাটালিটিক কনভার্টার, রাসায়নিক, পরিশোধন, কাচ ও ইলেকট্রনিকস খাতে ব্যবহার হয়। তাই এসব খাতে চাহিদা বাড়লেও সে তুলনায় উত্তোলন কম। এছাড়া এ খাতে বিনিয়োগও বাড়ছে। এ কারণে প্লাটিনামের দাম ঊর্ধ্বমুখী আছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

স্পট মার্কেটে গত শুক্রবার প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ১ হাজার ৭০৯ ডলার ৭৫ সেন্টে।

আরও