সম্প্রতি পশ্চিম ইউরোপে রেকর্ডসংখ্যক বৈদ্যুতিক গাড়ি (ইভি) নিবন্ধিত হয়েছে। নতুন এক সমীক্ষার তথ্য অনুসারে, সেখানকার সড়কগুলোয় এপ্রিল-জুন প্রান্তিকে প্রায় ছয় লাখ ব্যাটারিচালিত বৈদ্যুতিক যান (বিইভি) নেমেছে। এর আগে এ অঞ্চলের ইভি বিক্রি কিছুটা ধীরগতিতে বাড়ছিল, যা আগের পূর্বাভাসের চেয়ে কম ছিল। খবর দ্য গার্ডিয়ান।
সংশ্লিষ্টদের ভাষ্যমতে, রেকর্ড বিক্রির পেছনে দুটি মূল কারণ কাজ করেছে। প্রথমত, সাশ্রয়ী দামের বৈদ্যুতিক গাড়ি বাজারে আসায় সাধারণ ক্রেতাদের আগ্রহ বেড়েছে। বার্লিনভিত্তিক অটোমোটিভ বিশ্লেষক ম্যাথিয়াস শ্মিট মনে করেন, প্রথমবারের মতো ইভিগুলো কেবল করপোরেট ক্রেতা বা কোম্পানির চালকদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সাধারণ ক্রেতাদের কাছেও আকর্ষণীয় ও সাশ্রয়ী হয়ে উঠছে।
দ্বিতীয়ত, সিট্রোয়েন-মালিকানাধীন স্টেলান্টিস ও রেনোর মতো ইউরোপীয় গাড়ি নির্মাতারা দাম-সচেতন ক্রেতাদের আকৃষ্ট করার জন্য আরো সাশ্রয়ী মডেল বাজারে আনছে। এর মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নের বিধিমালা অনুযায়ী তাদের গাড়ির গড় নির্গমন কমিয়ে আনছে। এছাড়া ইউরোপজুড়ে চার্জিং নেটওয়ার্কের সম্প্রসারণও ক্রেতাদের ‘রেঞ্জ অ্যাংজাইটি’ বা চার্জিং পয়েন্ট খুঁজে না পাওয়ার উদ্বেগ দূর করতে সাহায্য করছে।
ইউরোপে চীন নির্মিত বৈদ্যুতিক গাড়ির বিক্রিও দ্রুত বাড়ছে। বিওয়াইডি এখন টেসলার সঙ্গে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হওয়ার প্রতিযোগিতায় রয়েছে। ইউরোপে পাঠানো বিওয়াইডির এক-চতুর্থাংশ গাড়িই যুক্তরাজ্যের সড়কগুলোয় বিক্রি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন চীনা ইভির ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করলেও যুক্তরাজ্য এ পদক্ষেপ নেয়নি।
যুক্তরাজ্য সরকার নতুন করে একটি ভর্তুকি প্রকল্প চালু করেছে, যা কিছু বৈদ্যুতিক গাড়ির মূল্য ৩ হাজার ৭৫০ পাউন্ড পর্যন্ত কমিয়ে দেবে। তবে এ ভর্তুকি শুধু সবচেয়ে পরিবেশবান্ধব ও ৩৭ হাজার পাউন্ডের কম দামের গাড়ির জন্য প্রযোজ্য হবে। এতে টেসলা ও বিওয়াইডির মতো চীনা কোম্পানিগুলোর গাড়ি এ ভর্তুকির আওতাভুক্ত হচ্ছে না।
বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পশ্চিম ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি প্রথমবারের মতো ছয় লাখ ছাড়িয়ে যাবে। এর একটি বড় কারণ হলো সেপ্টেম্বরে যুক্তরাজ্যে নতুন নম্বর প্লেট চালুর প্রথা, যা ঐতিহ্যগতভাবে গাড়ির বিক্রি বাড়াতে সহায়তা করে। এছাড়া ফ্রান্সে একটি ‘সোশ্যাল লিজিং স্কিম’ পুনরায় চালু হওয়ায় সেখানেও বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।