পণ্য বিক্রি করতে শ্রীলংকার কোম্পানির সঙ্গে ওয়ালটনের চুক্তি

নিজেদের পণ্য বিক্রি করার লক্ষ্যে শ্রীলংকার সংশ্লিষ্ট আইনের অধীনে নিবন্ধিত মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে বিশ্বব্যাপী বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

নিজেদের পণ্য বিক্রি করার লক্ষ্যে শ্রীলংকার সংশ্লিষ্ট আইনের অধীনে নিবন্ধিত মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে বিশ্বব্যাপী বিতরণ চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

চুক্তি অনুযায়ী, আগামী ১০ বছরের জন্য শ্রীলংকায় ওয়ালটনের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে মনিক ট্রেডিং। দেশটিতে ওয়ালটনের পণ্য বিপণন, পরিবেশনা ও বিক্রির দায়িত্ব পালন করবে কোম্পানিটি। উভয় প্রতিষ্ঠানের সম্মত শর্ত সাপেক্ষে এ চুক্তি কার্যকর হয়। এর আগে গত বছরের নভেম্বরে যৌথ ব্র্যান্ড উন্নয়ন ও বাজার সম্প্রসারণে মনিক ট্রেডিংয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ওয়ালটনের আয় হয়েছে ৪ হাজার ৫৯৭ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৪ হাজার ২৮৬ কোটি ৬ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৯৬ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭৬২ কোটি ৩৪ লাখ টাকা।

তিন প্রান্তিকে ওয়ালটনের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ১৭ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭৮ টাকা ৪১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩৫০ শতাংশ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৫ টাকা ৮৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭৯ টাকা ৩০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ৯০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৩৪৩ টাকা ৭৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

দেশের পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১ হাজার ৯৪ কোটি ২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৬৫ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫৫, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।

আরও