ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের আগে দেশটির আর্থিক খাতে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো। গত শনিবার ব্রিটিশ সরকার জানিয়েছে, পেপ্যাল, ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপ ও এসঅ্যান্ডপি গ্লোবালসহ শীর্ষ মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো একসঙ্গে ১৬৯ কোটি ডলার বা ১২৫ কোটি পাউন্ড বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। খবর রয়টার্স।
ব্রিটিশ সরকারের ব্যবসা ও বাণিজ্যিক বিভাগ জানিয়েছে, মার্কিন বৃহৎ আর্থিক কোম্পানিগুলোর বিনিয়োগের ফলে লন্ডন, এডিনবরা, বেলফাস্ট ও ম্যানচেস্টারজুড়ে প্রায় ১ হাজার ৮০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে। দেশটির কর্মকর্তারা বলছেন, এ বিনিয়োগ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।
এবারই প্রথম উত্তর আয়ারল্যান্ডে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ব্যাংক অব আমেরিকা। এতে অঞ্চলটিতে এক হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। সিটিগ্রুপ যুক্তরাজ্যে ১১০ কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে, যার একটি বড় অংশ যাবে উত্তর আয়ারল্যান্ডে।
এসঅ্যান্ডপি গ্লোবাল ম্যানচেস্টারে ৪০ লাখ পাউন্ডের বেশি বিনিয়োগ করে ২০০টি স্থায়ী পদ সৃষ্টি করবে। অন্যদিকে ব্ল্যাকরক আগামী বছর যুক্তরাজ্যের বাজারে ৭০০ কোটি পাউন্ড বরাদ্দের পরিকল্পনা করছে এবং এরই মধ্যে এডিনবরায় নতুন অফিস খুলে স্থানীয় কর্মীসংখ্যা প্রায় দ্বিগুণ করেছে।
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের মতে, এ বিনিয়োগ দুই দেশের মধ্যে সম্পর্কের দৃঢ়তার প্রতিফলন। অন্যদিকে অর্থমন্ত্রী রÅাচেল রিভস বলেছেন, ‘এসব বিনিয়োগ যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নতুন গতি দেবে, যা সব অঞ্চলের মানুষের হাতে আয় পৌঁছে দিতে সহায়তা করবে।’
ব্রিটিশ সরকার আরো জানিয়েছে, এসব চুক্তি দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার কোটি পাউন্ড বাণিজ্যের সুযোগ তৈরি করবে। এছাড়া ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, শিগগিরই দুই দেশ নতুন একটি প্রযুক্তি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যা দুই দেশের ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছবেন। এটি হবে দেশটিতে তার দ্বিতীয় সরকারি সফর।