ওষুধ ও রসায়ন খাতের তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সালাম ওবায়দুল করিম গত এক মাসে কোম্পানিটির ২৭ লাখ ৯৬ হাজার শেয়ার কিনেছেন। সাত দফায় স্টক এক্সচেঞ্জে ঘোষণা দিয়ে এ শেয়ার কিনেছেন তিনি। এবার নতুন করে তিনি আরো ৪ লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের এমডি মো. সালাম ওবায়দুল করিম প্রথম দফায় ৫ নভেম্বর ৩ লাখ ৩৩ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন। এরপর ১০ নভেম্বর ৩ লাখ ৫০ হাজার, ১৩ নভেম্বর ৪ লাখ ৪০ হাজার, ১৭ নভেম্বর ৩ লাখ ৩৩ হাজার, ২০ নভেম্বর ৪ লাখ ৪০ হাজার, ৩০ নভেম্বর ৪ লাখ ৫০ হাজার, ৮ ডিসেম্বর ৪ লাখ ৫০ হাজার এবং সর্বশেষ ১১ ডিসেম্বর ৪ লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা দেন। এর মধ্যে ৫ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সময়ে ঘোষণা অনুসারে তিনি কোম্পানিটির ২৭ লাখ ৯৬ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩। এর ২৮ দশমিক ১০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৩ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৭ টাকা ৯০ থেকে ৩৬ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।