ভারতে গম ও চাল উৎপাদন রেকর্ড বৃদ্ধির পূর্বাভাস

ভারত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণে গম ও চাল উৎপাদন করতে পারে।

ভারত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণে গম ও চাল উৎপাদন করতে পারে। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের কৃষি মন্ত্রণালয়। খবর রয়টার্স।

কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জুনে শেষ হওয়া অর্থবছরে দেশটি রেকর্ড ১১ কোটি ৭৫ লাখ টন গম উৎপাদনের পথে রয়েছে। এটি মার্চে দেয়া ১১ কোটি ৫৪ লাখ টনের পূর্বাভাসের তুলনায় বেশি। খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারতের কৃষকরা উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহারসহ আবাদযোগ্য অঞ্চল বাড়িয়েছেন। এ কারণে চলতি অর্থবছরে দেশটিতে গম উৎপাদন বাড়তে পারে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ ভারত। ২০২৪ সালে দেশটির মোট উৎপাদনের পরিমাণ ছিল ১১ কোটি ৩৩ লাখ টন। তবে একটি শীর্ষস্থানীয় শিল্প সংস্থা জানিয়েছে, প্রকৃত উৎপাদন সরকারের হিসাবের তুলনায় প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ কম।

এছাড়া ২০২৫ সালে ভারতের চাল উৎপাদনেও রেকর্ড বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, চাল উৎপাদন ১৪ কোটি ৯০ লাখ টনে পৌঁছতে পারে, যা গত বছরের ১৩ কোটি ৭৮ লাখ টনের তুলনায় বেশি।

গম ও চালের এ রেকর্ড উৎপাদনের ফলে মোট খাদ্যশস্য উৎপাদন পৌঁছতে পারে ৩৫ কোটি ৪০ লাখ টনে। এটি আগের অর্থবছরের ৩৩ কোটি ২৩ লাখ টনের তুলনায় বেশি।

আরও