ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের শেয়ারদর ঈদুল আজহার ছুটির আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ৮ শতাংশ কমেছে। এতে কোম্পানিটির শেয়ার দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, উত্তরা ফাইন্যান্সের শেয়ারদর চলতি মাসের প্রথম সপ্তাহ শেষে ১০ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১১ টাকা ১০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৮ দশমিক ১১ শতাংশ।
উত্তরা ফাইন্যান্স সর্বশেষ ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর পর থেকে কোম্পানিটি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়া ২০২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) পর থেকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল উত্তরা ফাইন্যান্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২৭ পয়সা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৬২ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৫ টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) উত্তরা ফাইন্যান্সের সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৭৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২ টাকা ৬৮ পয়সা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর শেষে প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৬৪ টাকা ১৩ পয়সায়।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯৭ কোটি ৭৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৪টি। এর মধ্যে ৪৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৪২, বিদেশী বিনিয়োগকারী ৭ দশমিক ৮২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।