বাংলাদেশে ৫০ বছরের যাত্রা উদযাপন হাবিব ব্যাংকের

দেশের ব্যবসায়িক খাতের সঙ্গে পাঁচ দশকের অংশীদারত্বের এ মাইলফলক উদযাপনের মাধ্যমে ব্যাংকটি তার দীর্ঘ পথচলাকে স্মরণ করেছে।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনার ৫০ বছর পূর্ণ করেছে পাকিস্তানের করাচিভিত্তিক বহুজাতিক ব্যাংক হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল)। দেশের ব্যবসায়িক খাতের সঙ্গে পাঁচ দশকের অংশীদারত্বের এ মাইলফলক উদযাপনের মাধ্যমে ব্যাংকটি তার দীর্ঘ পথচলাকে স্মরণ করেছে। ১৯৭৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে বাণিজ্য, বিনিয়োগ ও আর্থিক প্রবাহে সহায়তার পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ স্থাপনে ভূমিকা রেখে আসছে এইচবিএল। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এইচবিএলের আয়োজনে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এইচবিএলের চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাসির সেলিম অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত পাঁচ দশকে বাংলাদেশে শক্ত অবস্থান গড়ে তুলেছে এইচবিএল। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে ব্যাংকটি। বাংলাদেশের অর্থনীতির বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে সংযোগ গভীর হওয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক উপস্থিতি ও দক্ষতা কাজে লাগিয়ে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবদান রাখছে বহুজাতিক এ ব্যাংক।

এইচবিএলের আন্তর্জাতিক নেটওয়ার্ক বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুবিধা তৈরি করেছে। দক্ষিণ এশিয়া ও মেনা অঞ্চলের মাত্র তিনটি ব্যাংকের মধ্যে এইচবিএল অন্যতম, যারা চীনে প্রান্ত থেকে প্রান্ত আরএমবি মধ্যস্থতা সেবা দেয়। চীনে ব্যাংকটির বেইজিং ও উরুমচি শাখা বৈদেশিক মুদ্রা এবং আরএমবি লাইসেন্সপ্রাপ্ত।

চীনে উপস্থিতির মাধ্যমে চায়না-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) করিডোরসংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছে এইচবিএল। পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, সিঙ্গাপুর, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়াসহ বিভিন্ন দেশে থাকা গ্রাহকরাও নিজ নিজ দেশ এবং চীনে ব্যাংকটির পণ্য ও সেবা গ্রহণ করতে পারেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫০ বছর পরও বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপকে সমর্থন এবং গ্রাহকদের নতুন সুযোগ অনুসন্ধান ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে আঞ্চলিক নেটওয়ার্ক কাজে লাগানোর অঙ্গীকার জানিয়েছে এইচবিএল।

আরও