২০২৫ সালের ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) জর্ডানের পর্যটন খাতে আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে দেশটির পর্যটন আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭২০ কোটি ডলারে। জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রাথমিক তথ্যের বরাতে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা। খবর আরব নিউজ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু নভেম্বরেই পর্যটন আয় ১২ দশমিক ৬ শতাংশ বেড়ে পৌঁছেছে ৬০ কোটি ৬৬ লাখ ডলারে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কিছুটা চাপ থাকলেও ২০২৫ সালে পর্যটন খাতে স্থিতিশীল প্রবৃদ্ধি জর্ডানের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
২০২৩ সালে প্রবৃদ্ধি রেকর্ড পর্যায়ে পৌঁছার পর আঞ্চলিক অস্থিরতার কারণে পর্যটন খাতে কিছুটা চাপ তৈরি হয়। তবে তা সত্ত্বেও জর্ডানের ‘ইকোনমিক মডার্নাইজেশন ভিশন’ (ইএমভি) অনুযায়ী, ২০২৪ সালের পর্যটক সংখ্যা ও আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছে। সরকারের দীর্ঘমেয়াদি কৌশলে পর্যটন খাতে ধাপে ধাপে টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পর্যটন আয় বৃদ্ধির প্রধান কারণ ছিল পর্যটকের সংখ্যা বৃদ্ধি। ২০২৫ সালের ১১ মাসে দেশটিতে পর্যটক আগমন বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ। এতে সামগ্রিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, আয় বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন ইউরোপ থেকে আসা পর্যটকরা। মোট পর্যটন আয়ে তাদের অবদান ৩৬ দশমিক ১ শতাংশ। এশিয়ার পর্যটকদের অবদান ৩৪ দশমিক ৩ ও আমেরিকা মহাদেশ থেকে আসা পর্যটকদের অবদান ১৮ দশমিক ৪ শতাংশ।
আরব দেশগুলোর পর্যটকদের অবদান ছিল ৩ দশমিক ৬ এবং অন্যান্য দেশের পর্যটকদের অবদান ৩৩ দশমিক ৪ শতাংশ। তবে জর্ডানে বসবাসকারী প্রবাসীদের কাছ থেকে পর্যটন আয় দশমিক ৮ শতাংশ কমেছে।