সাতক্ষীরায় দুই সপ্তাহের ব্যবধানে মসুর ডালের দাম বেড়েছে কেজিপ্রতি ১৫-২০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বাজারের বিভিন্ন দোকানে গিয়ে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় কম সরবরাহ পণ্যটির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। যদিও এ সময় অন্যান্য ডালের দাম স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরজমিনে দেখা যায়, সুলতানপুর বাজারের মুদি ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল চিকন মসুর ডাল খুচরায় বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫৫ টাকায়। এ সময় খাদ্যশস্যটির পাইকারি দর ছিল কেজিতে ১৫০ টাকা। দুই সপ্তাহ আগে খুচরা ও পাইকারিতে প্রতি কেজি মসুর ডালের দাম ছিল যথাক্রমে ১৪০ ও ১৩০-১৩৫ টাকা।
দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, ‘বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মসুর ডালের দাম বেড়েছে। তবে এ সময় অন্যান্য ডালের দাম স্থিতিশীল ছিল।’
সাতক্ষীরায় গতকাল প্রতি কেজি ছোলার ডালের দাম ছিল ১২০ টাকা। এ সময় মুগডাল, খেসারি ও বুটের ডালের দাম ছিল যথাক্রমে ১৬০, ১১০ ও ৫৬ টাকা।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ দাম বাড়ার বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তাকে জানান, দেশে সরবরাহকৃত বেশির ভাগ মসুর ডাল আমদানিনির্ভর। সম্প্রতি খাদ্যশস্যটির আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দামে।