কমিশনারের শেয়ার ব্যবসার বিষয়ে বিএসইসির ব্যাখ্যা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মু. মোহসিন চৌধুরীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। গতকাল গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনার মু. মোহসিন চৌধুরী বিএসইসিতে যোগদানের আগেই ২০২১ সালে ব্যক্তিগত বিনিয়োগের উদ্দেশ্যে ওই বিও অ্যাকাউন্টটি খুলেছিলেন। বিএসইসির চাকরিতে যোগদানের পর তিনি ওই বিও অ্যাকাউন্টে কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি। গত ২০২৪ সালের জুনে বিএসইসির চাকরিতে যোগদানের পর পরই তিনি ওই বিও অ্যাকাউন্টে থাকা সব শেয়ার বিক্রি করার এবং ওই অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশনা দিয়েছিলেন।

নির্দেশনা অনুযায়ী অন্যান্য শেয়ার বিক্রি করা হয়েছে। কিন্তু ফ্লোর প্রাইস কার্যকর থাকার কারণে শুধু ‘বেক্সিমকো লিমিটেড’-এর শেয়ারগুলো বিক্রি করা সম্ভব হয়নি এবং এ কারণে সিডিবিএল বাই-ল অনুযায়ী ওই বিও অ্যাকাউন্টটি বন্ধ করা সম্ভব হয়নি মর্মে সংশ্লিষ্ট ব্রোকার তাকে অবহিত করেছে। বর্তমানে ওই বিও অ্যাকাউন্টে ‘বেক্সিমকো লিমিটেডের মোট ২ হাজার ২৩১টি শেয়ার রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ২ লাখ ৪৫ হাজার ৬৩৩ টাকা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে উল্লিখিত ‘জিরো ওয়ান লিমিটেড’ ব্রোকারেজ হাউজটির সব কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। -বিজ্ঞপ্তি

আরও