বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠনে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবগত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় কোম্পানিটির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে গতকাল কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০৩১তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানিটি মামলা প্রত্যাহার করবে—এ শর্তে কমিশনের আগে জারি করা দুটি আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত নয় সদস্যের পর্ষদে স্পন্সরদের পক্ষ থেকে তিনজন পরিচালক থাকবেন। তারা হলেন এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।
পাশাপাশি কোম্পানিটিতে নতুন করে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন পরিচালক হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসির একজন প্রতিনিধি পর্ষদে থাকবেন। এছাড়া পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক থাকবেন। তাদের মধ্যে তিনজন নতুন করে নিয়োগ পাবেন এবং একজন নারী সদস্য হবেন। এসব স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে।