বাজারমূল্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দামের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে। গতকাল এ ডিজিটাল মুদ্রা ১ লাখ ২৫ হাজার ২৪৫ ডলারের বেশি দামে লেনদেন হয়। খবর রয়টার্স।
এর আগে গত আগস্টে বিটকয়েনের সর্বোচ্চ দর ছিল প্রায় ১ লাখ ২৪ হাজার ৫০০ ডলার। সাম্প্রতিক সপ্তাহগুলোয় মার্কিন শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা, ক্রিপ্টো ইটিএফে বিনিয়োগপ্রবাহ ও ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তুলনামূলক সহায়ক নীতিমালা বিটকয়েনের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
বিটকয়েনের দাম টানা আটদিন ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে গত সপ্তাহে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে দুর্বল হয়েছে ডলারের বিনিময় হার। সরকারি শাটডাউনের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী নিরাপদ বিকল্প সম্পদের দিকে ঝুঁকছেন, যার মধ্যে অন্যতম ক্রিপ্টোকারেন্সি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার ক্রিপ্টোকারেন্সির বড় সমর্থক। তাদের বিভিন্ন ক্রিপ্টো উদ্যোগ ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে। ট্রাম্প প্রশাসনে ডিজিটাল সম্পদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন এসেছে। চলতি বছরে জুলাইয়ে মার্কিন প্রতিনিধি পরিষদ তিনটি গুরুত্বপূর্ণ ক্রিপ্টো বিল পাস করেছে, যা বিটকয়েনসহ অন্যান্য ডিজিটাল সম্পদের বাজারে আস্থা জোগাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিপ্টো ব্রোকারেজ প্রতিষ্ঠান ফ্যালকনএক্সের মার্কেটস বিভাগের কো-প্রেসিডেন্ট জোশুয়া লিম বলেন, ‘শেয়ার, স্বর্ণ এমনকি পোকেমন কার্ডের মতো সংগ্রহযোগ্য পণ্যের দাম যখন সর্বোচ্চে পৌঁছেছে, তখন বিটকয়েনের দাম বাড়া অস্বাভাবিক নয়। এটি ডলারের অবমূল্যায়নের প্রভাব থেকে লাভবান হচ্ছে।’
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারের উত্থান এবং বিনিয়োগ মাধ্যম হিসেবে বিনিয়োগকারীদের নিরাপদ বিকল্প খোঁজার প্রবণতা ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন প্রাণ ফিরিয়েছে।