চরম মূল্যস্ফীতি ও কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে বড় ধরনের পতনের মুখে পড়েছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। গতকাল দেশটির মুক্তবাজারে মার্কিন ডলারের বিনিময় হার ২৫ লাখ রিয়াল অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ইরানের বৈদেশিক মুদ্রা বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাশিজির তথ্যানুযায়ী, মঙ্গলবার ডলারের বিনিময় হার ৩ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ২ দশমিক ৫৪২ মিলিয়ন বা ২৫ লাখ ৪২ হাজার রিয়ালে গিয়ে পৌঁছায়। দিনের এক পর্যায়ে এর দর সর্বোচ্চ ২ দশমিক ৫৪৮ মিলিয়নে ওঠে। এর আগে সোমবারও ডলারের দর ২৪ লাখ রিয়ালে উঠে রেকর্ড গড়েছিল।
বাজার বিশ্লেষকরা বলছেন, গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলা, ক্রমাগত সামরিক সংঘাত ও সমুদ্রপথে মার্কিন নৌ-অবরোধ ইরানের ভঙ্গুর অর্থনীতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে। তীব্র যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দেশটির ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি তেল রফতানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অবরোধের যৌথ চাপে রিয়ালের ধারাবাহিক পতন থামছে না। খবর আনাদোলু