এনআরবি ব্যাংক পিএলসিতে ঝুঁকিকেন্দ্রিক মনোভাব ও পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান। তিনি বলেন, ‘প্রত্যেক কর্মকর্তাকে যথাযথভাবে ঝুঁকি শনাক্ত ও দ্রুত প্রশমনে সক্রিয় হতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে একই ধরনের ঝুঁকি তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’ সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনআরবি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএর অংশ’—এ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট ১০-এর পরিচালক ইস্তেকমাল হোসেন। তিনি দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে এনআরবি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় ‘টোন অ্যাট দ্য টপ’ বা শীর্ষ নেতৃত্বের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন ব্যাংকটির এমডি ও সিইও তারেক রিয়াজ খান। তিনি বলেন, ‘ব্যাংকে ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হলে প্রত্যেক কর্মকর্তার মধ্যে ঝুঁকি শনাক্তকরণ, প্রশমন ও প্রতিরোধের মানসিকতা তৈরি করতে হবে।’
কেন্দ্রীয় ব্যাংকের এসপিসিডির পরিচালক মোহাম্মদ আবদুর রব বিশেষ অতিথির বক্তব্যে ঝুঁকিভিত্তিক তদারকি, নিয়ন্ত্রণমূলক বিধিবিধান পরিপালন এবং ঝুঁকি শনাক্তকরণ ও প্রশমনের কৌশল নিয়ে আলোচনা করেন। মুখ্য আলোচক বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডিপার্টমেন্ট ১০-এর অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রহমান ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো তুলে ধরে এসব বিষয়ে বিশেষ মনোযোগ দেয়ার পরামর্শ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সম্মেলনের মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, ঝুঁকি ব্যবস্থাপনায় সক্রিয় সংস্কৃতি গড়ে তোলা এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুসরণ করে টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এনআরবি ব্যাংক।