বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)। খবর হেলেনিক শিপিং নিউজ।
ওয়ার্ল্ড স্টিল বিশ্বের ৭১টি দেশের ইস্পাত উৎপাদনের তথ্য প্রকাশ করেছে। এ দেশগুলোর বিশ্বব্যাপী ধাতব পণ্যটি উৎপাদনের ৯৮ শতাংশ হিস্যা রয়েছে।
সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, ডিসেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৫ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৪ কোটি ৪৫ লাখ টনে পৌঁছেছে।
বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশ চীন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অন্যান্য কারণে দেশটিতে গত বছরের শুরুর দিকে উৎপাদনে মন্দা দেখা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে চীন সরকার অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দেয়। এরপর থেকে ধাতব পণ্যটির উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে। ডিসেম্বরে চীনের উৎপাদন ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ কোটি ৬০ লাখ টনে পৌঁছেছে। এ সময় ভারতে বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ। মোট উৎপাদন স্থির হয়েছে ১ কোটি ৩৬ লাখ টনে।
বিশ্বে অপরিশোধিত ইস্পাত উৎপাদনে জাপানের উল্লেখযোগ্য হিস্যা আছে। তবে গত মাসে তা ১ দশমিক ১ শতাংশ কমেছে। মোট উৎপাদন নেমেছে ৬৯ লাখ টনে।
যুক্তরাষ্ট্র গত মাসে ৬৭ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের ডিসেম্বরের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ কম। ডিসেম্বরে রাশিয়ার উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ। এ সময় মোট উৎপাদন নেমেছে ৫৭ লাখ টনে।
দক্ষিণ কোরিয়া গত মাসে মোট ৫২ লাখ টন ইস্পাত করেছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ কম। এদিকে জার্মানির উৎপাদন ৪ দশমিক ১ শতাংশ কমে ২৭ লাখ টনে স্থির হয়েছে। তুরস্ক ৩০ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ কম।
অঞ্চলভিত্তিক ইস্পাত উৎপাদনের তথ্যও প্রকাশ করেছে ওয়ার্ল্ড স্টিল। সংস্থাটি জানায়, আফ্রিকা ২০২৪ সালের ডিসেম্বরে ১৯ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ কম।
এ সময় এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোর উৎপাদন ৯ শতাংশ বেড়ে ১০ কোটি ৬৩ লাখ টনে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ডিসেম্বরে ৯৬ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা এর আগের বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেশি। তবে ইউরোপের অন্য দেশগুলোর উৎপাদন ১৪ দশমিক ৩ শতাংশ কমে ৩৩ লাখ টনে নেমে এসেছে।
ওয়ার্ল্ড স্টিলের দেয়া তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ডিসেম্বরে ইস্পাত উৎপাদন আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ কমে ৪৬ লাখ টনে নেমেছে। এ সময় উত্তর আমেরিকার উৎপাদন কমেছে ৪ দশমিক ৩ শতাংশ। রাশিয়া ও অন্যান্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো গত মাসে মোট ৬৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে। এ হিসাবে তাদের উৎপাদন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ।