ইউরোপে বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের পরামর্শ

ইউরোপের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের পরামর্শ দিয়েছে অঞ্চলটির খাতসংশ্লিষ্ট সংস্থা ইউরেলেকট্রিক।

ইউরোপের বিদ্যুৎ অবকাঠামো আধুনিকীকরণের পরামর্শ দিয়েছে অঞ্চলটির খাতসংশ্লিষ্ট সংস্থা ইউরেলেকট্রিক। সে লক্ষ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। খবর আনাদোলু।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডগুলো ৪০ বছরেরও বেশি পুরনো। একবিংশ শতাব্দীর চাহিদা অনুসারে স্থিতিশীল বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য পুরনো অবকাঠামোর আধুনিকীকরণ প্রয়োজন।

এ বিষয়ে ইউরেলেকট্রিকের মহাসচিব ক্রিশ্চিয়ান রুবি বলেন, ‘ইউরোপকে তার পুরনো বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ ও বিতরণ নেটওয়ার্কে বিনিয়োগ দ্বিগুণ করতে হবে।’

এ খাতে চলতি বছর ৬ হাজার ৭০০ কোটি ইউরো ব্যয়ের পরামর্শ দিয়েছেন তিনি। শুধু বিতরণ গ্রিডেই বার্ষিক বিনিয়োগ গড়ে ৩ হাজার ৪০০ কোটি ইউরোয় উন্নীত করা প্রয়োজন বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান রুবি।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, সরবরাহ চেইনে গ্রিডগুলোর সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ একসময়ে সামনে এসেছে। কারণ খুব স্বল্প সময়ের মধ্যে এ অঞ্চলে আরো ১ হাজার ৬০০ গিগাওয়াটেরও বেশি সৌর ও বায়ুবিদ্যুৎ সংযুক্ত হবে।

শুধু ইউরোপ নয়, বিশ্বব্যাপী বিদ্যুৎ সঞ্চালনে বিনিয়োগ বেড়েছে। ২০২৩ সালে বিদ্যুৎ সঞ্চালনে বিনিয়োগ ১০ শতাংশ বেড়ে ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। তবে সংস্থাটি জানিয়েছে, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ২০৩০ সালের মাঝামাঝি সময়ে বার্ষিক বিনিয়োগ ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

সম্প্রতি ‘বিদ্যুতের যুগে জ্বালানি নিরাপত্তা পুনঃসংজ্ঞায়িত’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলসভিত্তিক প্রতিষ্ঠান ইউরেলেকট্রিক। সংস্থাটি ইউরোপীয় জ্বালানি খাত এবং সাড়ে তিন হাজারের বেশি জ্বালানি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিত্ব করে। প্রতিবেদনে বিদ্যুতায়নকে অগ্রাধিকার দেয়ার জন্য একটি নতুন কৌশল এবং জ্বালানি নিরাপত্তার জন্য একটি সমন্বিত পদ্ধতির আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি আমদানি হ্রাস, ইউরোপের মধ্যে নবায়নযোগ্য এবং পারমাণবিক উৎস থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন"উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি" করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে। ভবিষ্যতের জ্বালানি সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে বিদ্যুৎ, স্থিতিশীলতা ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করার ওপর জোর দিয়েছেন সংস্থাটির মহাসচিব।

ইউরোপকে ‘অপ্রত্যাশিত যেকোনো সময়ের জন্য পরিকল্পনা’ করা উচিত বলেও মনে করেন ক্রিশ্চিয়ান রুবি। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে সামরিক আক্রমণ, বাল্টিক সাগরে নাশকতা, ক্রমবর্ধমান সাইবার আক্রমণ, শিল্প গুপ্তচরবৃত্তি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উল্লেখ করে তিনি বলেন, ‘অপ্রত্যাশিত সময়ের জন্য পরিকল্পনা"করতে একটি সংশোধিত কৌশল প্রয়োজন।’

তুরস্ক ও ইউরোপের জ্বালানি সহযোগিতা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে ইউরেলেকট্রিক।

তবে বিরতিহীনভাবে নবায়নযোগ্য শক্তির সঙ্গে সংগতি বজায় রাখতে তুরস্ক বিদ্যুৎ নেটওয়ার্ক আপগ্রেড করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দেশটির ২০২৪-৩০ জ্বালানি দক্ষতা কর্মপরিকল্পনায় প্রায় ১ হাজার কোটি ইউরো বিনিয়োগের লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।"তুর্কি বিদ্যুৎ খাতে এরই মধ্যে বড় বড় ইউরোপীয় কোম্পানি যুক্ত হয়েছে।

আরও