সিআইইউতে চীনা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত

চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি সাংস্কৃতিক দল এ আয়োজনে চীনের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশন শিল্পের বৈচিত্র্যময় উপস্থাপনা তুলে ধরে।

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চীনা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি সাংস্কৃতিক দল এ আয়োজনে চীনের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশন শিল্পের বৈচিত্র্যময় উপস্থাপনা তুলে ধরে।

সিআইইউ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চীনের ঐতিহ্যবাহী সিংহ নৃত্য, চীনা মার্শাল আর্ট, তাই চি এবং তাই চি ফ্যান পরিবেশিত হয়। মনোমুগ্ধকর এসব পরিবেশনা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। ঐতিহ্যবাহী নৃত্য, মার্শাল আর্ট ও শৈল্পিক পরিবেশনার মধ্য দিয়ে চীনা সংস্কৃতির সৌন্দর্য, বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানের আগে সিআইইউ ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, চীনা ভাষা শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বাগত বক্তব্য দেন দ্য কনফুসিয়াস ইনস্টিটিউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইট, সিআইইউর পরিচালক ড. কাজী সাইফুল আসপিয়া। দ্বিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার, বিভিন্ন স্কুলের ডিন, একাডেমিক প্রধান, শিক্ষক, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন অধ্যাপক জিয়া ওয়াংওয়েই, সিআইসিইউর চাইনিজ ডিরেক্টর লুও গুইহং, টিম লিডার লিয়াং গুয়াংইউসহ অন্য প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি শুধু সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক বন্ধুত্বের বন্ধন আরো সুদৃঢ় করার একটি সুযোগ হিসেবে এটি গুরুত্বপূর্ণ। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ভবিষ্যতে আরো বিস্তৃত হবে বলেও সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও