আমদানি করা যানবাহন ও যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক কার্যকর হলে দাম বেড়ে যেতে পারে বলে যুক্তরাষ্ট্রের ডিলারদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা কোম্পানি হুন্দাই। খবর রয়টার্স।
হুন্দাই ও জেনেসিস মোটর নর্থ আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা র্যান্ডি পার্কার ডিলারদের পাঠানো এক নোটে বলেন, ‘বর্তমান গাড়ির মূল্য বজায় থাকবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না। কারণ ২ এপ্রিলের পর হোলসেল হওয়া ইউনিটগুলোর জন্য এটি পরিবর্তন হতে পারে।’
বিশ্লেষকদের ধারণা, নতুন শুল্ক দীর্ঘ সময়ের জন্য বহাল থাকলে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো উল্লেখযোগ্যভাবে মূল্য বাড়াতে বাধ্য হবেন। ফলে ভোক্তাদের এরই মধ্যে গড়ে ৫০ হাজার ডলারের কাছাকাছি দামে বিক্রি হওয়া গাড়ির জন্য আরো বেশি অর্থ গুনতে হবে।
মার্কিন বহুজাতিক অটোমোটিভ সার্ভিস ও প্রযুক্তি প্রতিষ্ঠান কক্স অটোমোটিভের অনুমান অনুযায়ী, ২৫ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রে নির্মাণ করা গাড়ির জন্য গ্রাহকদের বাড়তি ৩ হাজার ডলার অর্থ ব্যয় করতে হবে। কানাডা ও মেক্সিকোয় তৈরি গাড়ির জন্য তা দাঁড়াবে ৬ হাজার ডলারে।
ডিলারদের উদ্দেশে পার্কার বলেন, ‘শুল্ক সহজ বিষয় নয়। তবে মেক্সিকো ও কানাডা থেকে আমদানির ওপর আমাদের তেমন নির্ভর করতে হয় না। যুক্তরাষ্ট্রে আমাদের বিনিয়োগ সুদৃঢ় অবস্থানে আছে।’
শনিবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি একেবারেই পরোয়া করি না। যদি শুল্কের কারণে বিদেশী গাড়ির দাম বেড়ে যায় তাহলে গ্রাহকরা যুক্তরাষ্ট্রের গাড়ি কিনবে।’
এদিকে গত ২৪ মার্চ হোয়াইট হাউজে প্রেসিডেন্টের সঙ্গে ২ হাজার ১০০ কোটি ডলারের একটি বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছিল হুন্দাই।